পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৯ শ্রমিকের মৃত্যু

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ৯ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চার জন। 

পাকিস্তানভিত্তিক ডন পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার প্রদেশটির কোহাট বিভাগের ওরাকজাই জেলার একটি খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, খনিটির আড়াই হাজার ফুট গভীরে বিস্ফোরণটি ঘটেছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং স্থানীয় সরকারি কর্মকর্তারা আলাদা বিবৃতিতে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। 

দেশটির খনি ও খনিজ বিভাগের উপদেষ্টা মোহাম্মদ আরিফ বলেছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি জেলা ওরাকজাইয়ের একটি প্রত্যন্ত এলাকায় বিস্ফোরণটি ঘটেছে। ঘটনার সময় খনিটিতে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন, বিস্ফোরণের পর তারা সবাই আটকা পড়েন।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।

ওরাকজাইয়ের জেলা কমিশনার আদনান ফরিদ জানান, বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল, স্থানীয় স্বেচ্ছাসেবী ও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত ৯ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় আরও চার জনকে উদ্ধার করে স্থানীয় জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: চীন, ইরান ও রাশিয়া একটি ‘ট্রায়াঙ্গেল’ তৈরি করেছে: উলিয়ানোভ

খনি উন্নয়ন অধীদপ্তরের বরাতে ওরাকজাই জেলা পুলিশ প্রধান নাজির খান জানিয়েছেন, খনির ভেতরে গ্যাস স্পার্ক থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গেছে। 

পাকিস্তানের কয়লা খনন শিল্পে নিরাপত্তার মান সাধারণত উপেক্ষা করা হয়, যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে অসংখ্য খনি শ্রমিক নিহত হয়েছে এমন দুর্ঘটনা এবং বিস্ফোরণের ঘটনায়।


একাত্তর/আরবিএস