চীন, ইরান ও রাশিয়াকে বহু মেরুকেন্দ্রীক কূটনীতির ক্ষেত্রে একটি ‘নয়া ট্রায়াঙ্গেল’ বা 'ত্রিভুজ' বলে উল্লেখ করেছেন ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। খবর পার্সনিউজের।
চীন, ইরান ও রাশিয়ার কূটনৈতিক প্রতিনিধিদলগুলোর মধ্যে একটি বৈঠকের ছবি প্রকাশ করে উলিয়ানোভ লিখেছেন, ভিয়েনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসময় তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, চীন, ইরান ও রাশিয়াকে বহুপাক্ষিক কূটনীতির নয়া ট্রায়াঙ্গেল মনে হচ্ছে না?
এই সিনিয়র রুশ কূটনীতিক বলেন, খুব সহজেই এই কাঠামোটির অনেক বড় হওয়ার সুযোগ রয়েছে। (যদি বিশ্বের বেশিরভাগ দেশের কথা নাও বলি) বিশ্বের অনেক দেশ বহু মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা দেখতে চায় এবং তারা বিশ্বের ওপর একক দেশের আধিপত্যের ঘোর বিরোধী।

রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ
আরও পড়ুন: রুশ তেলের সর্বোচ্চ দাম নির্ধারণ নিয়ে বিভক্তি বাড়ছে ইউরোপে
এর আগে উলিয়ানোভ গত সপ্তাহে এক টুইট বার্তায় রাশিয়ার তেল ও গ্যাসের দাম নির্ধারণ করে দেয়ার প্রচেষ্টার সমালোচনা করে বলেছিলেন, এ ধরনের ‘সর্বগ্রাসী আচরণ’ কোনো ফল বয়ে আনবে না।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন নেতৃত্বাধীন এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থার দ্রুত পতন হচ্ছে এবং ওয়াশিংটনের সর্বগ্রাসী আচরণের বিরোধিতা করে একটি বহুমেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে ইরান একা এ কাজ করছে না বরং এ কাজে বেইজিং ও মস্কোর মতো দুই বড় শক্তিকে পাশে পেয়েছে তেহরান।
একাত্তর/আরবিএস
