পশ্চিম তীরে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত

ইসরাইল বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সকালে জেনিনে ইসরাইলি বাহিনীর আগ্রাসন চলাকালে তাদের বন্দুক হামলায় তিনজন নিহত হয়। খবর এএফপির।

ইসরাইলি সামরিক বাহিনী জেনিনে তাদের সর্বশেষ অভিযানের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

এদিকে ইসলামিক জিহাদ জঙ্গি গ্রুপ বৃহস্পতিবার জানায়, তাদের যোদ্ধারা জেনিনে ইসরাইলি বাহিনীর সাথে ‘ভয়াবহ সংঘর্ষে’ জড়িয়ে পড়েছিল।

এ বছর পশ্চিম তীর, ইসরাইল এবং সংঘাতপূর্ণ জেরুজালেম নগরীতে সহিংসতা বেড়ে যেতে দেখা যাচ্ছে। এর ফলে চলতি বছরের এখন পর্যন্ত কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি ও ২৬ ইসরাইলি নাগরিক নিহত হয়।

এদের মধ্যে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে জেনিনে প্রাণ হারায়। আবার এদের মধ্যে ১২ বছর বয়সের শিশু ও ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক আবু আকলে রয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের বিভিন্ন দূতাবাসে মিলছে ‘রক্তাক্ত প্যাকেজ’

১৯৬৭ সালে ছয় দিনের এক যুদ্ধের পর থেকেই ইসরাইলি বাহিনী পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে।


একাত্তর/আরএ