কানাডার টরন্টো শহরের একটি আবাসিক ভবনে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন্দুকধারীকেও হত্যা করেছে পুলিশ।
স্থানীয় সময় রোববার কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোর শহরতলির একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে টরন্টো শহরতলির একটি আবাসিক ইউনিটে অভিযুক্ত বন্দুকধারী পাঁচজনকে গুলি করে হত্যা করে।
ইয়র্কের আঞ্চলিক পুলিশ এক বিবৃতিতে বলেছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর কর্মকর্তা এবং একজন পুরুষ বন্দুকধারীর মুখোমুখি হয় এবং তাকে গুলি করা হয়। পরে তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
এই ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জননিরাপত্তার ক্ষেত্রে আর কোনো হুমকি নেই বলে জানিয়েছে তারা।
তবে, নিহত সন্দেহভাজনের গুলিবর্ষণের উদ্দেশ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: হারের পর ফ্রান্সে বিক্ষোভ, নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ
ইয়র্ক আঞ্চলিক পুলিশের প্রধান জেমস ম্যাকসুইন জানান, অভিযুক্ত বন্দুকধারী ওই আবাসিক ভবনের বাসিন্দা কিনা সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ বলছে, কানাডায় ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল এবং টরন্টো দীর্ঘকাল ধরে নিজেকে বিশ্বের অন্যতম নিরাপদ বড় শহর হিসেবে পরিচিত।
একাত্তর/আরএ