টুইটারের সিইও পদ ছাড়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে নিজের টুইটারে এ কথা জানান মাস্ক।

এর আগে টুইটার ব্যবহারকারীদের মতামত নিতে গিয়ে বিপাকেই পড়েন ইলন মাস্ক। গত সোমবার ব্যবহারকারীরা ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তারা ইলন মাস্ককে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) পদে চান না। এর আগে টুইটার ব্যবহারকারীদের ভোটের ভিত্তিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলেন ইলন মাস্ক।

সোমবার মাস্ক এক টুইট পোস্টে জানতে চান, সিইওর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিত কিনা। ওই সময় এই ঘোষণাও দিয়েছিলেন, মতামত জরিপে যে ফল আসবে, তা মেনে নেবেন তিনি।

ইলন মাস্কের টুইটার হ্যান্ডেলে অনুসারী রয়েছেন ১২ কোটি ২০ লাখ। এর মধ্য ১ কোটি ৭৫ লাখ ২ হাজার ভোট পড়েছে ওই জরিপে।

এতে ৫৭ দশমিক ৫ শতাংশ টুইটার ব্যবহারকারীর রায় হলো, সিইওর পদ থেকে ইলন মাস্কের সরে দাঁড়ানো উচিত। আর ৪২ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী চান তিনি এই পদেই থাকুন।

ফলাফলের পর আজ টুইটারে দেয়া ওই বার্তায় মাস্ক বলেছেন, সিইও পদে ‘চাকরি নেওয়ার জন্য যথেষ্ট বোকা’ কাউকে পেলেই তিনি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করবেন। টুইটারে তার জায়গায় নতুন লোক খুঁজে পাওয়ার পর তিনি কেবল সফটওয়্যার এবং সার্ভার টিম পরিচালনা করবেন।

টুইটারের পাশাপাশি বৈদ্যুতিক গাড়িনির্মাতা ও প্রযুক্তিপ্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সও পরিচালনা করেন তিনি।

আরও পড়ুন: ইলন মাস্ককে বিদায় জানালেন টুইটার ব্যবহারকারীরা

গত অক্টোবরের শেষের দিকে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনেন ইলন মাস্ক। এরপর তিনি সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন।

মাস্ক দায়িত্ব নেয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তার আনা নানা পরিবর্তন ব্যাপক সমালোচনার শিকার হয়।


একাত্তর/আরএ