মধ্য সোমালিয়ায় জঙ্গি হামলায় একই পরিবারের ৯ জন সহ অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ৪০ জন।
আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে মহাস শহরের জেলা প্রশাসক এবং স্থানীয় এমপিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এ হামলাটি ছিলো অত্যন্ত ভয়ঙ্কর। আত্মঘাতী এ হামলার পর গাড়ির টুকরোগুলো চারপাশে ছিটকে গিয়ে ঘরবাড়ি ও দোকানগুলোতে আঘাত করছিলো। এর অনেকগুলো পুড়ে ছাই হয়ে যায়।
হিরশাবেল রাজ্যের ডেপুটি পুলিশ কমিশনার হাসানকিফ মুহাম্মদ ইব্রাহিম বলেন, এক পরিবারের ৯ সদস্যের সবাই এ হামলায় মারা গেছেন। আশপাশের আরো যেসব পরিবার ছিলেন- তাদের পরিবারেরও অনেক সদস্য নিহত হয়েছেন।
তিনি আরো বলেন, যারা নিহত হয়েছেন- তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু ছিলো।
আরও পড়ুন: দিল্লির তাপমাত্রা তিন ডিগ্রিতে নামলো
উল্লেখ্য, আল শাবাব ২০০৭ সাল থেকে সোমালিয়ার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে।
একাত্তর/আরএ