মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে ২০ জন নিহতের দাবি

মিয়ানমারের এইয়ারওয়াদি নদীর ব-দ্বীপ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে দাবি স্থানীয় গণমাধ্যমগুলোর। তাদের বরাতে শনিবার (৫ জুন) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রামবাসী অস্ত্র খুঁজতে এসেছে জানার পরেই পরিবেশ খারাপ হয়।

স্থানীয় অন্তত চারটি গণমাধ্যম ও একজন বাসিন্দার বরাতে রয়টার্স জানিয়েছে, দেশটির প্রধান শহর ইয়াংগন থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে হালায়াসওয়ে এলাকায় শনিবার ভোরের আগে থেকে সংঘর্ষ শুরু হয়।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, গ্রামবাসীরা শুধুমাত্র তীর হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে অনেক গ্রামবাসী হতাহত হয়েছেন।

খিত থিত মিডিয়া ও বার্তা সংস্থা ডেল্টা জানিয়েছে, সংঘর্ষে ২০ জন নিহত ও আরও বহু লোক আহত হয়েছেন।

রয়টার্স তাদের প্রতিবেদনে হ্লেসওয়ে গ্রামের সহিংসতার বিষয়ে জান্তা সরকারের মুখপাত্রের মন্তব্য নিতে পারেনি। এমনকি তারা স্বাধীনভাবে রিপোর্টটির সত্যতাও যাচাই করতে পারেনি সংবাদ সংস্থাটি।

আরও পড়ুন: ধনী কোম্পানিকে করের আওতায় আনতে ঐতিহাসিক চুক্তি

বিভিন্ন মানবাধিকার গ্রুপগুলোর তথ্যমতে, মিয়ানমারে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৮৪৫ বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন এবং সাড়ে চার হাজারের বেশি বিক্ষোভকারী কারাগারে বন্দি আছেন। জান্তা বাহিনী অবশ্য নিহত এবং কারাবন্দিদের এই সংখ্যার সঙ্গে দ্বিমত প্রকাশ করে আসছে।


একাত্তর/আরএ