দাঙ্গার বিষয়ে বলসোনারোর বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সরকারি ভবনে হামলার ঘটনার তদন্তে ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 

বলসোনারো অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একটি ভিডিও পোস্ট করার কয়েকদিন পর দেশটির কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্টের প্রাসাদে হামলার এই ঘটনা ঘটে।

প্রসিকিউটররা বলছেন, বলসোনারো এই ধরনের দাবি করে অপরাধকে উসকে দিয়েছেন। 

শুক্রবার (১৩ জানুয়ারি) তারা সাবেক প্রেসিডেন্টকে তদন্তে অন্তর্ভুক্ত করতে সুপ্রিম কোর্টের কাছে দাবি জানিয়েছেন।

আট জানুয়ারির দাঙ্গার জন্য সম্ভাব্য দায়ীদের মধ্যে এই প্রথমবার বলসোনারোর নাম দেওয়া হলো। 

বলসোনারোর ভিডিওতে দাবি করা হয়, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা পদে নির্বাচিত হননি বরং সুপ্রিম কোর্ট এবং ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ দ্বারা নির্বাচিত হয়েছেন।

ব্রাজিলের প্রসিকিউটর জেনারেলের অফিস (পিজিআর) এক বিবৃতিতে বলেছে, ভোটকে প্রশ্নবিদ্ধ করে 'বলসোনারো প্রকাশ্যে একটি অপরাধকে উসকে দিতেন'।

দাঙ্গার পরে পোস্ট করা ভিডিওটি পরে মুছে ফেলা হয়। তবে প্রসিকিউটর জেনারেলের কার্যালয় যুক্তি দিয়েছে যে, এর বিষয়বস্তু বলসোনারোর আগের আচরণের তদন্ত করার জন্য যথেষ্ট।

পিজিআর দাঙ্গার 'প্ররোচনা এবং বুদ্ধিবৃত্তিক লেখকত্বের' যে তদন্তের কথা বলেছে তাতে বলসোনারোকে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেস।

তিনি বলেন, 'গণতন্ত্রের বিরুদ্ধে কাপুরুষতার সাথে ষড়যন্ত্র করে যারা একটি ব্যতিক্রম রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছেন তাদেরকে জবাবদিহি করতে হবে'।

এদিকে, পেটে ব্যথা নিয়ে বলসোনারোকে ফ্লোরিডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী। 

লুলার কাছে দায়িত্ব হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়ে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পাড়ি জমান তিনি। 


একাত্তর/এসজে