দু’দিনে তৃতীয়বার ভূমিকম্পে কাঁপলো ভারত

ভারতের আসামে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এই নিয়ে গত দুদিনে এ অঞ্চলে তিনবার ভূকম্পন অনুভূত হলো। সোমবার দুপুরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো বাংলাদেশের কাছেই।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, সোমবার বেলা ১১টা ৫৭ মিনিটে কেঁপে ওঠে আসামসহ আশপাশের এলাকা।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৩.২। এর কেন্দ্রস্থল ছিল ব্রহ্মপুত্রের দক্ষিণ দিকে নওগাঁ জেলার হোজাই এলাকায়। ভূমিকম্পটি মাটি থেকে ১০ কিলোমিটারের গভীরে সংগঠিত হয়।

এর আগে রোববার বিকেলেও নওগাঁয় ভূকম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল ৪। তার আগে শনিবার গভীর রাতে কম্পন অনুভূত হয়েছিল ভারতের পশ্চিম প্রান্তে গুজরাটের সুরাটে।

শনিবার রাত ১২টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এই কম্পনের তীব্রতা ছিল ৩.৮। এটির উৎসস্থল ছিল সুরাট থেকে ২৭ কিলোমিটার দূরে। তবে এসব ভূমিকম্পে কেউ হতাহত হয়নি।

তুরস্ক-সিরিয়া সীমান্তে প্রলয়ংকারী ভূমিকম্পের পর পৃথিবীর ভূমিকম্প প্রবন এলাকাগুলো আতঙ্কে রয়েছে। এমন আতঙ্কের মধ্যে গত দুই দিনে তিনবার কাঁপলো ভারতের দুই অঞ্চল। 

তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪১ হাজারেরও বেশি মানুষ। সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়েছেন অসংখ্য মানুষ। ধ্বংস হয়েছে হাজার হাজার ভবন-অবকাঠামো।


একাত্তর/এআর