মিনস্কে রুশ বিমান ধ্বংসের দাবি বেলারুশের বিরোধী দলের

বেলারুশের রাজধানী মিনস্কের কাছে একটি ক্ষুদ্র বিমান ঘাঁটি থেকে রাশিয়ার একটি বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির নির্বাসিত বিরোধী দলীয় নেতা। খবর: আলজাজিরা। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিরোধী দলের নেতা সভিৎলানা সিখানুস্কায়ার ঘনিষ্ঠ উপদেষ্টা ফ্রাঙ্ক ভায়াকোর্কা এক টুইটবার্তায় জানান, ‘তাদের পক্ষের যোদ্ধারা মিনস্কের কাছে মাচুলিশ্চির বিমানঘাঁটিতে রাশিয়ার একটি নজরদারি বিমান উড়িয়ে দেয়ার সফল অভিযান চালানোর খবর নিশ্চিত করেছে।’

তিনি আরও জানান, এটি হচ্ছে ২০২২ সালের শুরু থেকে চালানো সবচেয়ে সফল অভিযান।

তিনি জানান, বেলারুশের দুই নাগরিক এ অভিযান চালাতে ড্রোন ব্যবহার করে। তারা ইতোমধ্যে দেশ ছেড়ে চলে গেছে এবং নিরাপদ রয়েছে।

এদিকে টেলিগ্রাম অ্যাপে বেলারুশের সরকারবিরোধী সংগঠন বাইপোলের চ্যানেলে বলা হয়েছে, অভিযানে অংশ নেয়া ব্যক্তিরা বেলারুশের নাগরিক। বাইপোলে রয়েছেন দেশটির প্রাক্তন আইন প্রয়োগকারী কর্মকর্তারা যারা বিরোধী রাজনীতিকদের সমর্থন করে। এটিকে একটি 'সন্ত্রাসী' সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

বিরোধী দলের পক্ষে কাজ করা সংবাদমাধ্যম বেলস্যাটের খবরে বলা হয়, রাশিয়ার কোন ধরনের বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সে ব্যাপারে ভায়াকোর্কা কিছু জানাননি। তবে বিমানটির মূল্য ৩৩০ মিলিয়ন ইউরো বলে উল্লেখ করা হয়। আর এটি একটি এ-৫০ নজরদারি বিমান ছিল।

তবে রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

বেলস্যাট হলো একটি পোলিশ সম্প্রচারক, যেটিকে বেলারুশ চরমপন্থী হিসেবে চিহ্নিত করেছে। 

আরও পড়ুন: ইরানে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধে বিষপ্রয়োগের অভিযোগ

এ সংবাদের প্রতিক্রিয়ায় সিখানুস্কয়া টুইটারে লিখেছেন, ‘বেলারুশের রাশিয়ান হাইব্রিড দখলকে প্রতিহত করা এবং ইউক্রেনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়া বেলারুশের সকল নাগরিকদের জন্য আমি গর্বিত।’

ইউক্রেনে মস্কোর আক্রমণে বেলারুশ সরাসরি ভূমিকা নেয়নি, তবে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ান বাহিনীকে আগ্রাসনের শুরুতে বেলারুশিয়ান অঞ্চল ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। তিনি এই মাসের শুরুতে বলেন, বেলারুশ আবারও এটি করতে প্রস্তুত।


একাত্তর/এসজে