ভারতে চলমান জি টোয়েন্টি সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়েছে। স্বাগতিক ভারত জানিয়েছে, এই মতবিরোধের অর্থ, সম্মেলনে কোনও যৌথ বিবৃতি দেয়া হবে না।
বৃহস্পতিবার (২ মার্চ) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশনের উদ্বোধন করেন। বিশ্বব্যাপী বিভাজন টেকসই উন্নয়নকে ঝুঁকিতে ফেলছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।
সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, বৈঠকটি রাশিয়ার ‘অপ্রচলিত ও ন্যায়বিচারহীন যুদ্ধ’ দ্বারা কালিমালিপ্ত হয়েছে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমাদের বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল ও হুমকির’ অভিযোগ করেছেন।
সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোকে প্রভাবিত করে এমন ইস্যুতে মনোনিবেশ করতে চেয়েছিল ভারত। তবে তারা বলছে, ইউক্রেন বিষয়ে পার্থক্য ‘মিটমাট করা যায়নি’।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমরা চেষ্টা করেছি, তবে দেশগুলো মধ্যে বিভাজন খুব বেশি ছিল।
জি টোয়েন্টির মধ্যে রয়েছে বিশ্বের ১৯টি ধনী দেশ ও ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বব্যাপী অর্থনৈতিক আউটপুটের ৮৫ শতাংশ এবং জনসংখ্যার দুই-তৃতীয়াংশ এই জোটের অন্তর্ভুক্ত।
এই গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীরা- রাশিয়ার সের্গেই ল্যাভরভ, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টনি ব্লিঙ্কেন এবং চীনের কিন গ্যাংসহ ভারতের রাষ্ট্রপতির অধীনে দিল্লিতে বৈঠক করছেন। এটি এক বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শীর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান কূটনীতিকদের প্রথম মুখোমুখি সভা।
সম্মেলনে ব্লিঙ্কেন ল্যাভরভের সাথে প্রায় ১০ মিনিটের জন্য সাক্ষাত করেন। পশ্চিমা বিশ্ব ‘যতক্ষণ প্রয়োজন’ ইউক্রেনের পাশে দাঁড়াবে বলে ল্যাভরভকে জানান ব্লিঙ্কেন। তিনি রাশিয়াকে ‘নিউ স্টার্ট’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে পুনরায় যোগদানের জন্যও চাপ দেন, যেটি থেকে সম্প্রতি সরে এসেছে রাশিয়া।
তবে কোনও আলোচনা হওয়ার কথা অস্বীকার করেছেন রাশিয়ান কর্মকর্তারা। এর আগে, রাশিয়া পশ্চিমকে কিছু ইউক্রেনীয় শস্য রপ্তানির অনুমতি দেওয়ার জন্য একটি চুক্তি ‘কবর’ দেওয়ার অভিযোগও করেছে। তবে মস্কো ইউক্রেনীয় রপ্তা বাধাগ্রস্ত করছে বলে পাল্টা অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: ইরানে আবারও মেয়েদের স্কুলে বিষাক্ত গ্যাস হামলা
এদিকে, মস্কো এবং বেইজিং ‘পশ্চিমা ব্ল্যাকমেইল এবং হুমকি’কে প্রতিহত করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ান কর্মকর্তারা। তবে এ ব্যাপারে চীনের কাছ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবারের আলোচনার পরে ল্যাভরভ বলেন, ‘আমরা শিষ্টাচার সম্পর্কে কথা বলি। কিন্তু আমাদের পশ্চিমা বন্ধুরা এক্ষেত্রে খুবই অপটু। তারা আর কূটনীতির কথা ভাবছে না; তারা এখন কেবল ব্ল্যাকমেইল করে এবং হুমকি দেয়’।
বৃহস্পতিবারের শিডিউলে খাদ্য সুরক্ষা, উন্নয়ন সহযোগিতা, সন্ত্রাসবাদ এবং মানবিক সহায়তা সম্পর্কিত অধিবেশন অন্তর্ভুক্ত ছিল। এটিকে জি টোয়েন্টির প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত অবস্থায় ভারতের অগ্রাধিকারের প্রতিচ্ছবি বলে ধরা হচ্ছে।
একাত্তর/এসজে