যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্প্রিংভ্যালির একটি বাড়িতে আগুনে পুড়ে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর: সিবিএস নিউজ।
এক সংবাদ সম্মেলনে রকল্যান্ড কাউন্টির কর্মকর্তা ক্রিস্টোফার কিয়ার বলেন, ভোর চারটার দিকে লেক স্ট্রিটের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে বলে ৯১১ নম্বরে একাধিক কল আসে। খবর পাওয়া মাত্রই আগুন লাগা বাড়িটিতে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। ওই ভবনটিতে সেসময় অনেকে আটকা পড়েন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়ির ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধারে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। পরে ভবনটির একতলা থেকে দুইজন ও দুতলা থেকে তিনজনের মরদেহ বাইরে নিয়ে আসা হয়।
জানা গেছে, এ ঘটনার সময় একজন দমকলকর্মীও আহত হয়েছেন। এছাড়া ভবনটির আরও পাঁচজন বাসিন্দা আহত হন। তাদের চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতদের নাম ও পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: জিনপিংয়ের অনুগত লি কিয়াং চীনের প্রধানমন্ত্রী হচ্ছেন
কীভাবে ভবনটিতে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।
একাত্তর/জো