দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে সোমবার মৃতের সংখ্যা বেড়ে ৪৯৯ হয়েছে। এরআগে রোববার সন্ধ্যায় দেশটির সরকার জানিয়েছিল, প্রাণহানি ৪৭৬ ছাড়িয়েছে।
চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানায়, দেশটিতে এরইমধ্যে বাস্তুতচ্যুত লোকের সংখ্যা চার লাখ ৯০ হাজার থেকে পাঁচ লাখ আট হাজার হয়েছে।
মালাউইয়ের প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ বাহিনীর নেতৃত্বে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কমিশনার চার্লস কলেম্বা বলেছেন, বাস্তুচ্যুত লোকজনের জন্যে ক্যাম্পের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। মোট ক্যাম্পের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৪।
অন্যদিকে আহতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৩২ জন। এরআগে এ সংখ্যা ছিল ৯১৮। ঘূর্ণিঝড়ে নিখোঁজ হয়েছে ৪২৭ জন।
দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা দুর্যোগ অবস্থা ঘোষণার পর বিদেশী মিশনসমূহ, সরকারি, স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহসহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি মানবিক সহায়তা ও উদ্ধার অভিযানে সহযোগিতায় এগিয়ে এসেছে।
মানবিক সহয়তার জন্যে সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি মালাউইর জন্য তিন লাখ মার্কিন ডলার অনুমোদন করেছে।
আরও পড়ুন: আসন্ন আক্রমণ নিয়ে রুশ মন্ত্রীকে সতর্ক করলো ওয়াগনার গ্রুপ
উল্লেখ্য, গত শনিবার আফ্রিকান দেশ মালাউই, মোজাম্বিক ও মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ফ্রেডি আঘাত হানে।
সাম্প্রতিক বছরগুলোতে মহাদেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী এই ঝড়কে দক্ষিণ গোলার্ধে রেকর্ড হওয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলা হচ্ছে।
একাত্তর/আরবিএস