রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী পূর্ব ইউক্রেনে রুশ সেনাদের মূল অংশ থেকে ওয়াগনার গ্রুপকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে একটি আসন্ন আক্রমণের পরিকল্পনা করছে।
সোমবার তার প্রেস সার্ভিসে প্রকাশিত এক চিঠিতে প্রিগোজিন বলেছেন যে, মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুতে "বড় আকারের হামলার" পরিকল্পনা করছে কিয়েভ।
সের্গেই শোইগুর উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাকে রাশিয়ান সেনাবাহিনীর প্রধান বাহিনী থেকে ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানিকে বিচ্ছিন্ন করা রোধে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলছি, যা বিশেষ সামরিক অভিযানের জন্য নেতিবাচক পরিণতি ঘটাবে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রুশ প্রতিরক্ষা মন্ত্রীর বিষয়ে প্রিগোজিনের এই ধরনের চিঠিপত্র প্রকশ্যে এলো। অতীতে যুদ্ধ পরিচালনার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রীর সমালোচনা করেছিলেন প্রিগোজিন।
প্রিগোজিন আরও জানান, তিনি ইউক্রেনীয় পরিকল্পনার বিশদ বিবরণ এবং নিজের প্রস্তাবের বিবরণ চিঠিতে প্রদান করছেন, যা তিনি প্রকাশ করেননি।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বাংলাদেশ সমর্থন করে না: প্রধানমন্ত্রী
তবে তিনি ইউক্রেনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিভাবে নিশ্চিত হলেন তা জানাননি।
এদিকে টেলিগ্রামে একটি আঞ্চলিক নিউজ চ্যানেলকে প্রিগোজিন বলেন, "উচ্চ সম্ভাবনা" রয়েছে যে, দক্ষিণ রাশিয়ান শহর বেলগোরোড আসন্ন ইউক্রেনীয় আক্রমণের অন্যতম লক্ষ্য হবে।
পাশপাশি তিনি দাবি করেন, ওয়াগনার বাহিনী বর্তমানে ইউক্রেনের বাখমুত শহরের ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং তার বাহিনী এগিয়ে চলেছে।
একাত্তর/আরবিএস
