ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা তীব্র হওয়ার সাথে সাথে অধিকৃত পশ্চিম তীরে একটি গাড়িতে বন্দুকধারীদের গুলি চালানোর পর দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার পশ্চিম তীরের উত্তর জেরিকো গভর্নেটের হামরার অবৈধ ইসরায়েলি বসতির কাছে একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, হামরা জংশনে একটি গাড়িতে গুলি চালানো হয়। আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) সৈন্যরা ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।
ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বিশোর্ধ দুই নারী নিহত হয়েছেন এবং চল্লিশোর্ধ একজন গুরুতর আহত হয়েছেন।
লেবানন ও গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।
জরুরি চিকিৎসাকর্মীরা জানান, তারা তিনজন অচেতন মহিলাকে তাদের গাড়ি থেকে টেনে নিয়ে আসেন। কাছের একটি গাড়ি থেকে বন্দুকধারীরা গুলি চালানোর পরে গাড়িটি বিধ্বস্ত হয়।
ধারণা করা হচ্ছে, এ হামলায় দুজন সন্দেহভাজন হামলাকারী রয়েছে এবং তাদের খুঁজতে অনুসন্ধান চলছে।
আরও পড়ুন: কানাডায় তুষার ঝড়ে বহু মানুষ বিদ্যুতবিচ্ছিন্ন, দু'জন নিহত
এর আগে ইসরাইলে রকেট হামলার অভিযোগের পর ইসরাইলের সামরিক বাহিনী দক্ষিণ লেবানন এবং গাজা উপত্যকায় বিমান হামলা চালায়।
এই সপ্তাহে ইসরাইলি বাহিনী পরপর দুইদিন অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা চালায় এবং রমজানের নামাজের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের আক্রমণ করে।
একাত্তর/এসজে