সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করছেন এবং ‘তার পশ্চাৎদেশে চুমু খাচ্ছেন’।
স্থানীয় সময় মঙ্গলবার (১১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে সঞ্চালক টকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প। তার এ মন্তব্যকে ঘিরে এরইমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক মাধ্যম।
এদিন ট্রাম্প বলেন, তিনি অফিস ছেড়ে যাওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে প্রভাব হারিয়েছে।
তিনি কার্লসনকে বলেন, আপনি এই উন্মাদ বিশ্ব পেয়েছেন, সব কিছু ভেঙ্গে পড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারেই কোনো মাথা ব্যাথা নেই।
ট্রাম আরও বলেন, আমার বন্ধু ম্যাঁক্রো এখন চীনের সাথে জড়িয়ে গেছেন এবং তার (শি) পশ্চাৎদেশ চুম্বন করছেন। আমি বলেছি, ‘ফ্রান্স এখন চীনে যাচ্ছে’।
এসময় যুক্তরাষ্ট্রকে তিনিই একমাত্র বাঁচাতে পারেন বলেও দাবি করেন এ ধনকুবের।
এর আগে ম্যাঁক্রো গত সপ্তাহে চীনে রাষ্ট্রীয় সফরে গিয়ে বলেন, ইউরোপীয়দের মার্কিন পররাষ্ট্র নীতির সাথে নিজেদেরকে বেঁধে রাখা উচিত নয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাঁক্রো আরও বলেন, তাইওয়ানের ভাগ্য নিয়ে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনাপূর্ণ অচলাবস্থায় ইউরোপীয় দেশগুলোর আটকে পড়া উচিত নয়।
চীন তাইওয়ানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে, যখন মার্কিন সরকার তাইওয়ানকে আত্মরক্ষায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।
শুক্রবার শি’র সাথে তাইওয়ান নিয়ে আলোচনা করার পর ম্যাঁক্রো বলেন, যা আমাদের (ইউরোপের) নয় এমন সঙ্কটে আটকে পড়ার বিষয়ে সতর্ক থাকা উচিত।
একাত্তর/আরবিএস