তীব্র দাবদাহের কারণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, গত কয়েক দিন প্রচণ্ড গরমের কারণে শিক্ষার্থীরা বাসায় ফিরে মাথা ব্যথা ও অন্যান্য স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেয়া হয়েছে।
মমতা বলেন, 'ভয়াবহ দাবদাহ পরিস্থিতির আলোকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।
বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও তীব্র তাপদাহের এই সময় তাদের কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। যদিও বেসরকারি প্রতিষ্ঠান কোন প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে পশ্চিমবঙ্গ সরকার প্রচণ্ড গরমের কারণে পাহাড়ি এলাকা ছাড়া অন্য জায়গার সরকারি ও সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত স্কুলে গ্রীষ্মকালীন ছুটি তিন সপ্তাহ এগিয়ে এনেছে।
প্রায় প্রতিদিনই রাজ্যের বেশিরভাগ অংশে দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রির চেয়েও বেশি থাকছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি ১৯ এপ্রিল পর্যন্ত থাকবে।
এই তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গবাসী। কলকাতায় শেষ বৃষ্টি হয়েছিল ১ এপ্রিল। এর পর থেকে গরমের তীব্রতা শুরু হয়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও বেশ কয়েক সপ্তাহ থাকবে। শনিবার (১৫ এপ্রিল) বাংলা নববর্ষে কলকাতার তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্ৰি সেলসিয়াস ছিল।
অন্যদিকে, রোববার (১৬ এপ্রিল) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্ৰি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।
হিটস্ট্রোকে ১১ জনের মৃত্যু
ভারতে খোলা আকাশের নিচে সরকারি পুরস্কার দেয়ার অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার মহারাষ্ট্রের নাভি মুম্বাই এলাকায় মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজ্যটির উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মারা যাওয়া সবাই খোলা মাঠে রোদের মধ্যে বসেছিলেন।
অনুষ্ঠান চলাকালে সেখানে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। মাথার ওপর কোনো ধরনের আচ্ছাদনের ব্যবস্থা না রাখায় মহারাষ্ট্র সরকারে সমালোচনা করা হচ্ছে।