এক যুগ পর সিরিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

আগামী সপ্তাহে সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 

শুক্রবার সিরিয়া সরকারের ঘনিষ্ঠ একটি আঞ্চলিক সূত্র এ কথা জানিয়েছে। খবর: রয়টার্স

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে সাক্ষাতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট।

ইরান ও রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সহায়তায় আসাদ সংঘর্ষের মোড় ঘুরিয়ে ক্ষমতা ফিরিয়ে আনতে সক্ষম হন। বর্তমানে সিরিয়ার অধিকাংশ অঞ্চল আসাদের নিয়ন্ত্রণ।

ঊর্ধ্বতন আঞ্চলিক সূত্রটি জানায়, সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং সিরিয়ার সঙ্গে অন্যান্য আরব রাষ্ট্রগুলোর বিচ্ছিন্নতার বরফ গলতে শুরু হওয়ায় এই সফরের পথ তৈরি হয়েছে।

সিরিয়া সরকারের ঘনিষ্ঠ দৈনিক আল-ওয়াতান জানিয়েছে, দুই দিনের সফরে রাইসি দামেস্ক আসছেন। অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে চুক্তির সম্ভাবনা রয়েছে সফর ঘিরে।

সহায়তা নিয়ে আগেও আসাদের পাশে ছিল তেহরান। দামেস্ককে ঋণ দেওয়ার পাশাপাশি সিরিয়ার খনি থেকে ফসফেট আমদানি করেছে ইরান।

আরও পড়ুন: তিউনিসিয়ায় আরও ৪১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

সিরিয়া এবং তুরস্কে ফেব্রুয়ারিতে বিধ্বংসী ভূমিকম্পের পর ত্রাণের আড়ালে সিরিয়ায় অস্ত্র এবং সামরিক সরঞ্জামও পাঠিয়েছিল তেহরান।

একাত্তর/জো