স্বামীকে খুন করে প্রিয়জন হারানোর বেদনা নিয়ে বই প্রকাশ!

যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের বাসিন্দা কৌরি রিচিনস তার স্বামীর আকস্মিক মৃত্যুর পর শিশুদের জন্য একটি বই লেখেন, যার উদ্দেশ্য ছিল শিশুদেরকে প্রিয়জন হারানোর বেদনার সাথে মানিয়ে নিতে সাহায্য করা। তবে সেই বই প্রকাশিত হওয়ার পর জানা গেলো, ওই নারী নিজেই তার স্বামীকে খুন করেছিলেন। 

২০২২ সালের মার্চ মাসে একদিন গভীর রাতে পুলিশকে ফোন করে স্বামী এরিক রিচিনসের মৃত্যুর কথা জানান কৌরি। তার ভাষ্য ছিল, রাতের খাবারের পর এরিককে ভদকা ড্রিংক খেতে দিয়েছিলেন তিনি। আর তার কয়েকঘণ্টা পর শোবার ঘরে স্বামীর ঠাণ্ডা নিথর মরদেহ আবিষ্কার করেন তিনি। 

একজন মেডিকেল পরীক্ষক পরে জানান, ফেন্টানিল ওভারডোজে মারা গেছেন এরিক। তার সিস্টেমে ওষুধটির প্রাণঘাতী ডোজের চেয়েও পাঁচগুণ বেশি মাত্রার ফেন্টানিল পাওয়া গিয়েছিলো। 

আদালতের নথি অনুসারে, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে, কৌরি রিচিনস এমন একজন ব্যক্তিকে ক্ষুদেবার্তা পাঠিয়েছিলেন যাকে আগে মাদকের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। অন্য একজনের পিঠের আঘাতের জন্য ব্যথার ওষুধ চেয়েছিলেন তিনি।

নথিতে বলা হয়েছে, হাইড্রোকোডোন পাওয়ার পর কৌরি বিশেষভাবে ফেন্টানিল চান। ‘মাইকেল জ্যাকসন জাতীয় কিছু একটা’, বলেছিলেন তিনি। 

ফেন্টানিল পাওয়ার তিনদিন পর কৌরি ও তার স্বামী ভ্যালেন্টাইনস ডে ডিনার করেন, যার পর এরিক অসুস্থ হয়ে পড়েন। 

এরিকের স্ত্রী তাকে বিষ দেওয়ার চেষ্টা করছেন বলে তিনি একজন বন্ধুকে বলেছিলেন, আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। 

ভ্যালেন্টাইনস ডের দুই সপ্তাহ পর কৌরি আরও ফেন্টানিল জোগাড় করেন বলে জানা যায়। 

প্রসিকিউটররা অভিযোগ করেন, ৪ মার্চ রাতে কৌরি মাঝরাতে পুলিশকে ফোন করে বলেন, তার স্বামী কোনও সাড়া দিচ্ছেন না। 

তিনি কর্তৃপক্ষকে বলেন, তিনি তার স্বামীকে বিছানায় ভদকাযুক্ত পানীয় মস্কো মিউল খেতে দেন ও তারপর তার সন্তানকে ঘুম পাড়াতে যান। 

পরে তিনি তাদের ঘরে তার স্বামীর কাছে ফিরে এসে দেখেন, তার শরীর ঠাণ্ডা হয়ে গেছে। 

কৌরি রিচিনস ‘আর ইউ উইথ মি?’ নামের একটি ছবির বই লেখার দুই মাস পর এই অভিযোগ আনা হয়। শিশুদের প্রিয়জনের মৃত্যুর সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করার জন্য এই বই লেখার কথা জানান তিনি। 

তিনি স্থানীয় রেডিও স্টেশন কেপিসিডব্লিউকে বলেছিলেন, নিজের এবং তার তিন ছেলের জন্য ‘শান্তি’ আনতে বইটি লিখেছিলেন তিনি।

গত মাসে ওই সাক্ষাত্কারে তিনি বলেন, আমরা এই বইটি লিখেছি এবং আমরা সত্যিই আশা করছি যে এটি শুধু আমাদের পরিবারই নয়, একই জিনিসের মধ্য দিয়ে যাওয়া অন্যান্য পরিবারকে কিছুটা সান্ত্বনা দেবে। 

আরও পড়ুন: লুকোচুরি খেলায় রত মার্কিন কিশোরীকে গুলি করলেন গৃহকর্তা

বইটি নিজের স্বামীকে উৎসর্গ করে উৎসর্গপত্রে তিনি লেখেন, ‘আমার আশ্চর্যজনক স্বামী এবং একজন চমৎকার পিতা’।

হত্যার অভিযোগ ছাড়াও কৌরি রিচিনসের বিরুদ্ধে জিএইচবি নামের মাদক রাখার অভিযোগ আনা হয়েছে। এটি একটি নারকোলেপসি ড্রাগ যা বিনোদনমূলকভাবে এবং কখনও কখনও ডেট রেপ ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়। 

আগামী ১৯ মে কৌরির শুনানির দিন ধার্য করেছে আদালত। 


একাত্তর/এসজে