পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বেশ কয়েকটি মামলায় জামিন আবেদনের শুনানি বুধবার হবার কথা রয়েছে। দুপুরে ইসলামাবাদ হাইকোর্টে এই শুনানি হওয়ার কথা।
এরইমধ্যে পিটিআই নেতা মালেকা বোখারি ও আলি মুহাম্মদ খানকে মুক্তির আদেশ দিয়েছে হাইকোর্ট।
পাকিস্তান তেহরিকই-ইনসান (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও ব্যাপক সহিংসতা হয়। ভাঙচুর ও আগুন দেয়া হয় সরকারি ভবনে।
ইমরান অভিযোগ করেছেন, তাকে গ্রেপ্তারের পর দেশের বিভিন্নস্থানে বিশৃঙ্খলা ও গোলাগুলির পেছনে গোয়েন্দা সংস্থার লোক জড়িত ছিলো।
তিনি বলেন, বিভিন্ন সরকারি ভবন ও লাহোরে শীর্ষ সেনা কর্মকর্তার বাসভবনে তাণ্ডব চালানো ছিল ‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ অংশ। দুর্বৃত্তরা পিটিআই সমর্থকদের মধ্যে অনুপ্রবেশ করে হামলা চালাতে উস্কানি দিয়েছে। গোয়েন্দা সংস্থার লোকজন যে এ কাজ করেছে, প্রমাণসহ এসবের ভিডিও আমাদের কাছে আছে।
এদিকে, ইমরানকে জামিন দেওয়ার ঘটনায়, পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ও সুপ্রিমকোর্টের সমমনা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে একটি প্রতিবেদন তৈরির প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি।
প্রস্তাব অনুযায়ী, বিচারপতিদের কথিত অসদাচরণের বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে জানাতে অভিযোগ প্রস্তুত ও দায়েরে পাঁচ সদস্যের সংসদীয় কমিটি গঠন করা হবে।
আরও পড়ুন: উত্তর কোরিয়ার প্রথম গুপ্তচর স্যাটেলাইট ঘুরে দেখলেন কিম
এদিকে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইমরান খানকে বৃহস্পতিবার তলব করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো এনএবি। এ মামলায় প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্টসহ সব ধরনের নথির বিস্তারিত আনতেও নির্দেশ দেয়া হয়েছে।
একাত্তর/আরএ