আরও তিন বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলালো ইরান

গত বছর দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। 

এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট সাতজন বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা হলো। 

শুক্রবার দেশটির বিচার বিভাগ জানায়, নভেম্বরে ইস্পাহানে তিনজন নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যায় জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। 

যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা হলেন মাজিদ কাজেমি, সালেহ মিরহাশেমি এবং সাইদ ইয়াকুবি। গত ১৬ নভেম্বর কেন্দ্রীয় শহর ইস্পাহানে বিক্ষোভের পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

দেশটির রেভল্যুশনারি কোর্ট কাজেমি এবং অন্য দুই ব্যক্তিকে ‘ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতার’ জন্য দোষী সাব্যস্ত করে এবং চার দিনের বিচারের পরে জানুয়ারিতে তাদের মৃত্যুদণ্ড দেয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, তারা অন্যায় বিচারের শিকার হয়েছে এবং তাদের উপর নির্যাতন করা হয়েছে।

গত ডিসেম্বর থেকে ইরানে আরও চারজন বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়া হয়েছে। আরও ডজনখানেক ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করছে জি সেভেন

পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পরে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ভুলভাবে হিজাব পরার অভিযোগে গত সেপ্টেম্বরে তিনি তেহরানে নৈতিকতা পুলিশ কর্তৃক আটক হন। 

বিভিন্ন সূত্রের বরাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাদেরকে গুম করে ফেলা হয়, তারপর নির্যাতন করা হয়ে এবং মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়।


একাত্তর/এসজে