লাইভে মদপান করার পর চীনা ব্লগারের মৃত্যু

লাইভে কেরামতি দেখাতে গিয়ে জীবন দিতে হয়েছে চীনের এক জনপ্রিয় ভিডিও ব্লগারকে। লাইভ ভিডিওতে মাত্রাতিরিক্ত মদ্যপানের কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

টিকটিক অ্যাপের চীনা সংস্করণের নাম ডোউয়িন। সেখানেই গত মঙ্গলবার এক লাইভস্ট্রিমিং করছিলেন ব্রাদার থ্রি থাউজেন্ড নামের এক ইউজার। 

লাইভের সময় তাকে কমপক্ষে সাত বোতল বাইজু নামের চীনা অ্যালকাহোল পানীয় পান করতে দেখা যায়। লাইভ শেষ হবার সাত ঘন্টার পর তিনি মারা যান বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম।

ভিডিও ব্লগারের এমন মৃত্যুর ঘটনায় চীনা সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সেই সঙ্গে লাইভস্ট্রিমিং নিয়ে কঠোর বিধিনিষেধ দেয়ার দাবিও উঠেছে।

স্থানীয় মিডিয়া ব্যক্তির নামের শেষ অংশ ওয়াং হিসাবে উল্লেখ করেছে। ৩৪ বছরের ওয়াং লাইভে চীনা মদ পানে বিশেষজ্ঞ ছিলেন বলে তার অনুসারীরা জানিয়েছে। 

চীনাদের তৈরি বাইজু একটি শক্তিশালী পানীয়, যার ৬০ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে। এটি পান করার লড়াইয়ে নেমেছিলেন মৃত ওয়াং। তার সঙ্গে লড়েছেন আরো তিন জন। 

মোট চার জন মিলে গেলো ১৬ মে লাইভে এই মদপানের লড়াইয়ে নামেন তারা। ওয়াং এই লড়াইয়ে হেরে গেলে শাস্তি হিসাবে আরও কয়েক বোতল মদপান করতে হয়। 

ওয়াংয়ের লাইভস্ট্রিমিং শেষ হয় মধ্য রাতে। আর, পরের দিন বিকালে তার মরদেহ উদ্ধার করা হয় বলে ওয়াংয়ের এক বন্ধু চীনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

ঝাও নামের সেই বন্ধ বলেন, ওয়াংয়ের পরিবার যখন তাকে দেখতে পায়, ততক্ষণে সে আর নেই। এমনকি হাসপাতালের জরুরি বিভাগে নেয়ারও সুযোগ পাওয়া যায়নি। 

ডোউয়িন ইতিমধ্যেই লাইভস্ট্রিমের সময় মদ্যপান নিষিদ্ধ করেছে। সতর্কতা থেকে শুরু করে ব্যবহারকারীদের লাইভস্ট্রিম প্রতিযোগিতা থেকে বিরত করতে জরিমানা আরোপ করেছে ডোউয়িন।


একাত্তর/এআর