সেন্ট পিটার্সবুর্গ সফরে যেতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।
শুক্রবার পুতিনের সাথে এক টেলিফোন আলাপকালে তিনি এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। খবর: বাসস।
এদিকে দিন কয়েক আগেই লুলা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বাক-বিতণ্ডায় জড়ান এবং জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে তাদের পরিকল্পিত বৈঠক বাতিল হয়।
আগামী ১৪-১৭ জুন সেন্ট পিটার্সবুর্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে অংশ নিতে লুলাকে আমন্ত্রণ জানান পুতিন।
পরে টুইটারে সেন্ট পিটার্সবুর্গে যাওয়ার আমন্ত্রণের জন্যে পুতিনকে ধন্যবাদ দিয়ে লুলা বলেন, এ মুহূর্তে তার পক্ষে রাশিয়া সফর সম্ভব নয়।
তবে শান্তি প্রতিষ্ঠার জন্য চলমান সংঘাত নিয়ে কথা বলতে চীন, ইন্দোনেশিয়া ও ভারতের পাশাপাশি ব্রাজিলের থাকার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালায়। এর পর থেকে উভয়পক্ষে যুদ্ধ চলমান রয়েছে। যুদ্ধ প্রসঙ্গে লুলা বলেন, উভয়েই নিশ্চিত যে তারা যুদ্ধে জয়ী হতে চলেছে।
আরও পড়ুন: জার্মানির মন্দা নিয়ে শলৎজ-পুতিন আলোচনার পরিকল্পনা
এদিকে গত বছর লুলা ‘যুদ্ধের জন্যে পুতিনের পাশাপাশি জেলেনস্কিও দায়ী’ বলে মন্তব্য করে তীব্রভাবে সমালোচিত হন।
একাত্তর/জো