বেশি মদ খান ও কোকেন নেন ইমরান: পাক স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অনেক বেশি মদ পান করায় ও কোকেন নেয়ায় তার মানসিক স্বাস্থ্য স্থিতিশীল নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী।

শুক্রবার পাক স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেল ইমরান খানের মেডিকেল রিপোর্টে থাকা তথ্য জানাতে গিয়ে এসব কথা বলেন। খবর: জিও নিউজ।

তবে ইমরান খানের পায়ের হাড়ে কোনো ধরনের ফাটল নেই  বলে জানিয়েছেন আবদুল কাদির প্যাটেল।

৯ মে গ্রেপ্তার হওয়ার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমরান খানকে পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আসা রিপোর্ট সম্পর্কে করাচিতে সাংবাদিকদের বিস্তারিত জানান স্বাস্থ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী প্যাটেল রিপোর্টের বিস্তারিত জানানোর আগে বলে নেন এটি ‘সরকারি নথি’। প্যাটেল বলেন, রিপোর্টে তার পায়ের হাড়ে কোনো ধরনের ফাটল পাওয়া যায়নি। তিনি পাঁচ-ছয় মাস ধরে পায়ে প্লাস্টার করে রেখেছিলেন। কিন্তু মেডিকেল রিপোর্টে এর প্রয়োজনীয়তা রয়েছে, এ ধরনের কিছুই পাওয়া যায়নি।

ইমরান দাবি করে আসছেন, গত ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এ হামলায় ইমরানের পায়ে বেশ কয়েকটি গুলি লেগেছে।

পাক স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য পিটিআই প্রধানের প্রস্রাবের নমুনাও নেওয়া হয়েছিল। প্রাথমিক রিপোর্টে এতে বিষাক্ত উপাদান পাওয়ার পাশাপাশি তিনি যে অতিরিক্ত মদ পান ও কোকেন নেন, তারও প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি ইমরানের মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে বলা হয়েছে, তার কর্মকাণ্ড ও শারীরিক ভাষা ‘একজন সুস্থ মানুষের মতো নয়।’ 

‘রিপোর্টে বলা হয়েছে, মানসিকভাবে সুস্থ মানুষ কখনো এমন ধরনের অঙ্গভঙ্গি করে না’ বলেন স্বাস্থ্যমন্ত্রী প্যাটেল।

পিটিআই প্রধান রাজনীতিতে শালীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং অন্যদের প্রতি সম্মান দেখানো ভুলে গেছেন মন্তব্য করে প্যাটেল বলেন, ‘আমিও বলছি যে ইমরানের মানসিক অবস্থা ভালো নয়।’

আরও পড়ুন: যেভাবে বন্ধু থেকে শত্রু ইমরান ও পাকিস্তান সেনাবাহিনী

প্যাটেল বলেন, ইমরান খান যা বলেছেন, সেখান থেকে ভিন্ন কথা বলছে তার মেডিকেল রিপোর্ট। রিপোর্টের বিস্তারিত এলে তা পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, ‘ইমরান যা করছেন, তা কেবল একজন এজেন্ট বা পাগলই করতে পারে।’

পাক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পাঁচজন চিকিৎসকের প্যানেল বলেছে, তার (ইমরান) মানসিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন আছে।’


একাত্তর/জো