মেক্সিকোতে মিলল পুরুষ-নারীর দেহাবশেষ ভর্তি ৪৫টি ব্যাগ

মেক্সিকোর উত্তরের গুয়াদালাজারা শহরের উপকণ্ঠে এক গিরিখাদে মানুষের দেহাবশেষ থাকা ৪৫টি ব্যাগ খুঁজে পেয়েছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ। 

পশ্চিমাঞ্চলীয় জালিস্কোর স্টেট প্রসিকিউটর এক বিবৃতিতে বলেছেন, ‘খুঁজে পাওয়া ব্যাগগুলোতে পুরুষ ও নারী উভয়েরই দেহাবশেষ রয়েছে। জরুরি বিভাগের কর্মীরা দেহাবশেষ উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে।’

কর্তৃপক্ষ গত সপ্তাহে ৭ যুবক নিখোঁজের ঘটনায় এলাকাটিতে তল্লাশি চালাচ্ছিল। 

তবে ব্যাগগুলোতে নিখোঁজ তরুণদের দেহাবশেষ ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।  

কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার মানুষের দেহাবশেষযুক্ত এক কালো প্লাস্টিকের ব্যাগ খুঁজে পাওয়ার পর সেখানে তল্লাশি শুরু হয়। দুর্গম এলাকা ও সূর্যালোকের অভাবের কারণ তদন্ত কিছুটা ব্যাহত হলেও পরে আরও ৪৪টি ব্যাগ খুঁজে পাওয়া যায়। সব অবশিষ্টাংশ পাওয়া না পর্যন্ত তল্লাশি চালানোর ঘোষণা দেয় প্রসিকিউটর অফিস।

মেক্সিকোতে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। ফেডারেল সরকার বলছে, এর মধ্যে কেবল জালিস্কো রাজ্যেই ১৫ হাজার জন। 

এই বছরের শুরুতেই জালিস্কোতে দুটি গোপন কবর থেকে কর্তৃপক্ষ ৩১ জনের মরদেহ উদ্ধার করে। এই অঞ্চলটিতে মাদক চোরাকারবারিদের ব্যাপক প্রভাব রয়েছে। তাদের অভ্যন্তরীণ সংঘাতেই অনেক মানুষ মারা যায়। 

গত বছরও ৪১টি গোপন কবরে ৩০১টি মরদেহ খুজে পাওয়া যায়। এক বছরের মধ্যে সর্বোচ্চ মরদেহ ৫৪৪টি মরদেহ পাওয়া যায় ২০২০ সালে।


সূত্র : সিবিএস নিউজ 

একাত্তর/এআর