জাতিসংঘে স্যাটেলাইট নিয়ে আলোচনার নিন্দা উত্তর কোরিয়ার

সাম্প্রতিক স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে যুক্তরাষ্ট্রের গ্যাংস্টার-সদৃশ অনুরোধের প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। 

রোববার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন এবং ক্ষমতাসীন দলের একজন শক্তিশালী কর্মকর্তা কিম ইয়ো জং বলেন, ওয়াশিংটনের ‘গ্যাংস্টারের মতো অনুরোধ’ গ্রহণ করে এবং মহাকাশ উন্নয়নে উত্তর কোরিয়ার অধিকার উপেক্ষা করে, নিরাপত্তা পরিষদ দেখায় যে এটি একটি মার্কিন রাজনীতিরই অংশ। 

মহাকাশে উত্তর কোরিয়ার গুপ্তচর উপগ্রহ স্থাপনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান জানায়। 

কিম ইয়ো জং বলেন, ‘আমি অত্যন্ত অখুশি যে ইউএনএসসি প্রায়শই মার্কিন অনুরোধে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে ডিপিআরকে-এর অধিকার প্রয়োগ নিয়ে ব্যাখ্যা দাবি করে এবং এর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে সার্বভৌমত্ব লঙ্ঘন করে’। 

দ্য ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া (ডিপিআরকে) হলো উত্তর কোরিয়ার সরকারী নাম।

স্যাটেলাইট উৎক্ষেপণের কথা উল্লেখ করে তিনি বলেন, উত্তর কোরিয়ার মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের হুমকির বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রয়েছে। 

জাতিসংঘের নিষেধাজ্ঞার রেজুলেশনগুলো ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পোষ্য বাহিনীর শত্রু নীতির একটি পণ্য’ এবং উত্তর কোরিয়া কখনই সেগুলোকে স্বীকার করবে না, তিনি গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণসহ সার্বভৌম অধিকার প্রয়োগের প্রতিশ্রুতি দিয়ে বলেন।

আরও পড়ুন: ইমরানের সংবাদ প্রকাশে সেনাবাহিনীর নিষেধাজ্ঞা

এদিকে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক কিম মিয়ং চোলের একটি মন্তব্য প্রকাশ করেছে, যাতে তিনি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) নিরাপত্তা কমিটির দ্বারা গৃহীত একটি প্রস্তাবের সমালোচনা করেছেন।

ওই প্রস্তাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে সমুদ্রযাত্রীদের এবং আন্তর্জাতিক শিপিংয়ের জন্য গুরুতর হুমকি হিসেবে নিন্দা করা হয়েছে। 

এই বিশ্লেষক মার্কিন নেতৃত্বাধীন বৈরী নীতির সাথে সঙ্গতি রেখে আইএমওকে ‘সম্পূর্ণভাবে রাজনীতিকরণ’ করার অভিযোগ করেছেন।


একাত্তর/এসজে