চীন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

বিগত পাঁচ বছরের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার চীন সফরে যাচ্ছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি স্থগিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগামী ১৮ জুন এ সফরে যাওয়ার কথা তার। খবর: রয়টার্স।

এই বছরের ফেব্রুয়ারিতেই বেইজিং সফরে যাওয়ার কথা ছিল ব্লিঙ্কেনের। কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘নজরদারি বেলুন’ ইস্যুতে তার সেই সফর বাতিল হয়।

এবার কিউবার সঙ্গে চীনের বৃহস্পতিবার স্বাক্ষরিত গোপন চুক্তির পর আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের পরিকল্পনার খবর সামনে এলো।

বাইডেন প্রশাসনের ধারণা, কিউবায় প্রযুক্তি স্থাপন করে ওয়াশিংটনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির পরিকল্পনা করছে বেইজিং। তবে এ বিষয়ে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে প্রতিক্রিয়া জানিয়ে বলে, যুক্তরাষ্ট্র ‘গুজব ছড়াচ্ছে’।

ব্লিঙ্কেনের সফর নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দুই দেশ।

আরও পড়ুন: ইউক্রেনকে বিপুল অঙ্কের সামরিক সহায়তার ঘোষণা কানাডার

তবে চীনের মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী বেইজিং। যৌথভাবে তারা সমঝোতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন দূতাবাসের কর্মকর্তারা।


একাত্তর/জো