সমুদ্রযাত্রার জন্য প্রস্তুত বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ ‘আইকন অব দ্য সিস’। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল বিশাল এই প্রমোদতরী তৈরি করেছে, যা আসছে বছরের শুরুতে সমুদ্রযাত্রায় বের হতে পারে আশা করছে এটির নির্মাণ ও ব্যবস্থাপনার সংশ্লিষ্টরা।
‘আইকন অব দ্য সিস’ নির্মাণ শেষে, গেলো ২২ জুন ফিনল্যান্ডের তুর্কুতে প্রথম পরীক্ষামূলক যাত্রা শেষ করেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের এই নবতম সদস্য। এটির দৈর্ঘ্য ১,২০০ ফুট, ওজন ২,৫০,৮০০ টন!
এতদিন পর্যন্ত বিশ্বের সবথেকে বড় ক্রুজ শিপ ছিল ‘ওয়ান্ডার অফ দ্য সিস’। তার থেকে আয়তনে ছয় শতাংশ বড় হতে চলেছে ‘আইকন অব দ্য সিস’। ৫,৬১০ জন যাত্রী এবং ২,৩৫০ জন ক্রু সদস্য। সব মিলিয়ে ৭,৯৬০ জন লোক এই বিশাল জাহাজে যাত্রা করতে পারবে।
যাত্রা শুরুর পর যাত্রী সংখ্যা আরও বাড়তে পারে। এই বিশালত্ব এবং যাত্রী ধারণ ক্ষমতার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বমানের ‘এন্টারটেইনমেন্ট’। ওয়াটার স্লাইড, সুইমিংপুল, হোয়ার্লপুল– সব মিলিয়ে জাহাজটিতে বিনোদনের ৪০টিরও বেশি উপায় রয়েছে বলে দাবি করেছে সংস্থা।
প্রায় সাড়ে চারশো বিশেষজ্ঞ চারদিনের পরীক্ষামূলক সমুদ্র যাত্রায় প্রমোদতরীটির ইঞ্জিন রুমসহ প্রোপেলার, বো, স্টারমার্ক সব কিছু পরীক্ষা করেছে দেখেছে। সেই সঙ্গে জাহাজটির কম্পনমাত্রা পরখ করে দেখা হয়েছে। সুখবর, কোথাও কোন ধরনের ত্রুটি পাওয়া যায়নি।
পরীক্ষার পর এই আইকনিক জাহাজটি মেয়ার তুর্কু শিপইয়ার্ডে ফিরে এসেছে এবং ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ ফ্লোরিডা থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরুর আশাবাদ জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। ২০২২ সালের এপ্রিলে একই শিপইয়ার্ডে জাহাজটি তৈরি করা শুরু হয়েছিলো।
ক্যারিবিয়ান সাগরের পূর্ব এবং পশ্চিম পথ ধরে নিয়মিত এক সপ্তাহের একেকটি সফর করার কথা ক্রুজ শিপটির। বাহামায়, কোকোকে নামে রয়্যাল ক্যারিবিয়ান সংস্থার নিজস্ব একটি দ্বীপ আছে। সাত রাতের এক রাতে অতিথিদের সেই স্থানেও নিয়ে যাওয়া হবে।
জাহাজটিতে ২৮টি বিভিন্ন ধরনের কেবিন থাকছে। ৮২ শতাংশ কক্ষে তিন বা তার বেশি অতিথি থাকতে পারবেন। ৭০ শতাংশ কক্ষের সঙ্গে থাকছে বারান্দা। সবথেকে বড় আকর্ষণ এর ওয়াটার পার্ক। এখানে থাকছে ছয়টি ওয়াটার স্লাইড।
বিশ্বের বৃহত্তম জাহাজটিতে আরও থাকছে পরিবারের সঙ্গে সময় কাটাবার আলাদা এলাকা, পুল ডেক, অ্যাকোয়া ডোম, অ্যাকোয়া থিয়েটার, ২২০ ডিগ্রি দেখা যায় এমন কড় জানালা, সত্যিকার গাছপালাসহ পার্ক, সুইম-আপ বার, একটি ইনফিনিটি পুল, সাতটি সুইমিং পুল।
একাত্তর/এসজে