কোরআন পোড়ানোয় নিন্দা জানালো সুইডেন সরকার

স্টকহোমের প্রধান মসজিদের বাইরে একটি কুরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে সুইডেন সরকার। এই ধরনের কর্মকাণ্ডকে ইসলামবিদ্বেষ বা মুসলিম-বিরোধী মনোভাব বলেও অভিহিত করেছে তারা। আন্তর্জাতিক ইসলামি সংস্থা মুসলমানদের পবিত্র গ্রন্থের ভবিষ্যত অবমাননা এড়াতে ব্যবস্থা নেওয়ার আহবান জানানোর পরে সুইডিশ সরকার এই মন্তব্য করলো।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কোরআন পোড়ানোর ঘটনাকে ইসলামবিদ্বেষ মূলক কাজ বলে অভিহিত করে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সুইডেনের সরকার পুরোপুরি বোঝে যে, সুইডেনে বিক্ষোভের নামে কিছু ব্যক্তির সংঘটিত ইসলামফোবিক কর্মকাণ্ড মুসলমানদের জন্য আক্রমণাত্মক হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা করি এবং এসব কাজ কোনোভাবেই সুইডিশ সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে না।

গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। কোরআন অবমাননা করার জন্য তারা ঈদুল আজহার দিন বেছে নেয়। তাদের এই কাজের অনুমতি দেয় দেশটির আদালত।  

আরও পড়ুন: ভারত থেকে আমদানির পর আকাশ থেকে মাটিতে কাঁচা মরিচ

ওই ঘটনার জেরে প্রতিক্রিয়া জানাতে ৫৭-সদস্য দেশের সংস্থা ওআইসি জেদ্দা সদর দপ্তরে বৈঠকে বসে এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের অবমাননা এড়ানোর জন্য পদক্ষেপ নেওয়ার আহবান জানায়। 

আল জাজিরা বলছে, সুইডিশ কর্তৃপক্ষ কোরআন পোড়ানোর ঘটনায় তদন্ত শুরু করেছে।


একাত্তর/এসি