সমুদ্রের দুই মাইল গভীরে অক্টোপাসের প্রজননস্থল

প্রশান্ত মহাসাগরের কোস্টারিকা উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মাইল গভীরে অক্টোপাসের একটি প্রজননস্থলের সন্ধান পেয়েছেন সমুদ্রবিজ্ঞানীরা। এই প্রথম আবিষ্কৃত এই প্রজননস্থলকে অক্টোপাস নার্সারি বলছেন তারা। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন।

গত মাসে তিন সপ্তাহের জন্য সমুদ্র অভিযানে বেরিয়েছিলেন ২০ জন বিজ্ঞানীর একটি দল। আর সেই অভিযানের সময় প্রশান্ত মহাসাগরের কোস্টারিকা উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মাইল গভীরে অক্টোপাসের একটি প্রজননস্থলের সন্ধান পান সমুদ্রবিজ্ঞানীরা। 

অলাভজনক প্রতিষ্ঠান স্মিট ওশান ইনস্টিটিউটের গবেষণা যান ফ্যালকর-এ চেপে সমুদ্রের গভীরে গিয়েছিলেন বিজ্ঞানীরা। যাত্রাপথে তারা ডোরাডো আউটক্রপ নামে একটি বিশেষ পাথুরে স্থান দেখতে পান। ২০১৩ সালে ওই জায়গায় বিজ্ঞানীরা অক্টোপাসের ডিম দেখেছিলেন।

অঞ্চলটি অক্টোপাসের বংশবৃদ্ধির জন্য কার্যকরী কি না, তা নিয়ে সন্দেহ ছিলো। কারণ গভীর সমুদ্রের অক্টোপাসরা শীতল পরিবেশ পছন্দ করে। কিন্তু সমুদ্রের ওই স্থানে তুলনামূলক ভাবে তাপমাত্রা বেশি। 

তবে শেষ মিশনে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে ডোরাডো আউটক্রপ প্রকৃতপক্ষে একটি সক্রিয় নার্সারি। তাঁরা সেখানে ডিম ফুটে অক্টোপাসের বাচ্চা বেড়ে ওঠা পর্যবেক্ষণ করেছেন। এই আবিষ্কারকে স্মরণীয় বলছেন বিজ্ঞানীরা।

স্মিট ওশান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জ্যোতিকা বিরমানি এক বিবৃতিতে এই আবিষ্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, কোস্টারিকা উপকূলে সমুদ্রপৃষ্ঠের ২ হাজার ৮০০ মিটার গভীরে একটি নতুন সক্রিয় অক্টোপাস নার্সারির আবিষ্কার প্রমাণ করে, মহাসাগর সম্পর্কে আমাদের এখনো অনেক কিছু শেখার আছে।

কোস্টারিকা উপকূলের নার্সারিতে পাওয়া অক্টোপাসগুলো মিউসোক্টোপাস প্রজাতির বলে মনে করা হচ্ছে। ছোট থেকে মাঝারি আকারের গভীর সমুদ্রের এসব অক্টোপাসের নিজেদের সুরক্ষায় ব্যবহার করার মতো বিশেষ তরল নেই। 

শিকারিকে ফাঁকি দেয়ার জন্য পানির রং বদলে দিতে এই তরল ছড়িয়ে থাকে। সমুদ্রের এই অঞ্চলটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ছিলো এত দিন। নিরাপত্তা নিয়ে তাই জোর দিতে চাইছেন বিজ্ঞানীরা। সে অনুযায়ী শিগগিরই পরিকল্পনা দেবেন তারা। 


একাত্তর/এআর