রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে ইউক্রেনকে নিষিদ্ধ ক্লাস্টার বোমা দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৮০০ মিলিয়ন ডলারের একটি প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে এসব যুদ্ধাস্ত্র দেয়া হবে।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্লাস্টার বোমা দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে বলেন, এ সিদ্ধান্ত নেয়া কঠিন হলেও, ইউক্রেনের সেগুলো প্রয়োজন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি এই সংঘাতকে রাশিয়ার নিরাপত্তা রক্ষার জন্য একটি ‘বিশেষ সামরিক অভিযান’ হিসাবে বর্ণনা করেছেন, বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা একটি বর্ধিত প্রক্সি যুদ্ধে লড়ছে।
পেন্টাগনের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ক্লাস্টার অস্ত্রগুলো ‘পাল্টা আক্রমণের জন্য প্রাসঙ্গিক সময়সীমার মধ্যে সরবরাহ করা হবে’।
১০০টিরও বেশি দেশ ক্লাস্টার যুদ্ধাস্ত্রকে নিষিদ্ধ ঘোষণা করেছে৷ রাশিয়া, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ক্লাস্টার যুদ্ধাস্ত্রের কনভেনশনে সই করেনি, যা অস্ত্র উৎপাদন, মজুদ, ব্যবহার এবং স্থানান্তর নিষিদ্ধ করে৷
ক্লাস্টার বোমা সাধারণত একসাথে অনেকগুলো ছোট ছোট বোমা বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে দেয়, যা বিপুল সংখ্যক মানুষকে হত্যা করতে পারে। যেই বোমাগুলো বিস্ফোরিত হয় না, সেগুলো সংঘাত শেষের কয়েক দশক পরও বিপদ ডেকে আনতে পারে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘ইউক্রেন লিখিত আশ্বাস দিয়েছে যে তারা বেসামরিক নাগরিকদের প্রতি ঝুঁকি কমাতে খুব সতর্কতার সাথে এগুলো ব্যবহার করবে’।
হিউম্যান রাইটস ওয়াচ রাশিয়ান এবং ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করার অভিযোগ করেছে, যা বেসামরিক মানুষকে হত্যা করেছে
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ ইউক্রেনে এই অস্ত্র হস্তান্তরের সমালোচনা করেছেন।
আরও পড়ুন: ব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসে আটজন নিহত
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, কীভাবে ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে আরও এগিয়ে নিয়ে আসা যায় সে বিষয়ে সামরিক জোটটি আগামী সপ্তাহে একটি শীর্ষ সম্মেলনে মিলিত হবে।
ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে জেনস স্টলটেনবার্গ বলেন, ‘আমাদের শীর্ষ সম্মেলন একটি পরিষ্কার বার্তা দেবে: ন্যাটো ঐক্যবদ্ধ রয়েছে, এবং রাশিয়ার আগ্রাসন কোনো ফল দেবে না’।
একাত্তর/এসজে