ভুটানের কুরিচু বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ার ঘোষণায় ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার রাতে কুরিচু জলবিদ্যুৎ কেন্দ্রের একটি জলাধার খালি করবে বলে জানিয়েছে ভুটানের ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন লিমিটেড (ডিজিপিসি)। খবর: হিন্দুস্তান টাইমস।
এক বিজ্ঞপ্তিতে ডিজিপিসি জানিয়েছে, পূর্ব ভুটানের কুরিচু প্রকল্প অংশের কুরিচু জলবিদ্যুৎ কেন্দ্রের একটি জলাধার ১৪ জুলাই খালি করবে তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন (ডিজিপিসি) ১৪ জুলাই রাত ১২টা থেকে জলাধারে সঞ্চিত পানিকে নিয়ন্ত্রিত পদ্ধতিতে ছেড়ে দেবে। একই দিনে রাত ৯টার মধ্যে তা শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, আসামে সাম্প্রতিক বন্যায় ৪০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে নিচু এলাকার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো বিশ্বনাথ, বোঙ্গাইগাঁও, চিরাং, ধেমাজি, ডিব্রুগড়, কোকরাঝাড়, মাজুলি, নলবাড়ি এবং তিনসুকিয়া।
আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানায়, মোট ১৭৯টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। আসাম জুড়ে দুই হাজার ২১১ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হলো ধেমাজি এবং চিরাং। ধেমাজিতে ১৭ হাজার ৬০৪ জন এবং চিরাংয়ে বন্যার কারণে ১৪ হাজার ৩২৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: দিল্লিতে বন্যায় ডুবে গেছে সড়ক ও বাড়িঘর
এএসডিএমএ আরও জানায়, বেকি (রোড ব্রিজ), দিসাং (নাংলামুরাঘাট), ব্রহ্মপুত্র (ধুবরি, নেয়ামতিঘাট) বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্বেগ প্রকাশ করে এক টুইটে লেখেন, ‘ভুটানের সরকার আমাদের জানিয়েছে যে আজ রাতে কুরিচু বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়া হবে। আমরা আমাদের জেলা প্রশাসনকে সতর্ক থাকতে এবং সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি৷’
একাত্তর/জো