ইউক্রেনে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত আট

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে পাঁচজন বেসামরিক নাগরিকসহ অন্তত আটজন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক শহরে রুশ হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।  

দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানিয়েছেন, হামলায় নিহত আটজনের মধ্যে পাঁচজন বেসামরিক নাগরিক, দুইজন উদ্ধারকর্মী এবং একজন সেনা সদস্য রয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, আহত ৩১ জনের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার দশজন সদস্য রয়েছেন। বাকিরা বেশিরভাগই বেসামরিক নাগরিক। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। 

ইউক্রেনের কর্মকর্তাদের প্রকাশিত বেশ কিছু ভিডিও এবং ছবিতে দেখা গেছে, হামলায় বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন: বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

এক অনলাইন বিবৃতিতে রাশিয়াকে অভিযুক্ত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া পূর্ব ইউক্রেনে ভাঙা ও ঝলসে যাওয়া পাথর ছাড়া আর কিছুই অবশিষ্ট রাখেনি।  

হামলায় বেশ কয়েকজন ‘নিহত’ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। তবে হতাহতের কোনো পরিসংখ্যান দেননি তিনি।  

পোকরভস্ক শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরের ৭০ কিলোমিটার (৪৩ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত। শহরটি বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধের আগে এই শহরের জনসংখ্যা ছিল প্রায় ৬০ হাজার।


একাত্তর/আরবিএস