ভারতে মেন্যু থেকে টমেটো বাদ দিলো বার্গার কিং

ভারতে সাম্প্রতিক সময়ে অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে টমেটোর দাম। বিভিন্ন জায়গায় সবজিটি বিক্রি হচ্ছে ২৫০ রুপি পর্যন্ত কেজি দরে। এমন অবস্থায় ভারতের আউটলেটগুলোতে নিজেদের মেন্যু থেকে টমেটো একেবারে বাদই দিয়েছে ফাস্টফুড চেইন বার্গার কিং। 

বুধবার বার্গার কিং ভারতে তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন বিভাগ যোগ করেছে, যার শিরোনাম ‘কেনো আমার বার্গারে টমেটো নেই?’

বার্গার কিং কর্তৃপক্ষ বলেছে, তারা ‘টমেটো ফসলের গুণমান এবং সরবরাহের অপ্রত্যাশিত অবস্থার কারণে’ এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, আরেক ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডসও তাদের ভারতীয় মেন্যু থেকে উপাদানটি বাদ দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, খারাপ আবহাওয়ার কারণে ফসলের ক্ষতি হওয়ায় বাজারে ঘাটতি দেখা দিয়েছে।

এই সপ্তাহের শুরুতে, মার্কিন স্যান্ডউইচ চেইন সাবওয়েও মেন্যু থেকে টমেটো সরিয়ে দিয়েছে। বর্তমানে ভারতের খাদ্য মূল্যস্ফীতি ২০২০ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। 

এমনকি, সাবওয়ে বছরের পর বছর ধরে স্যান্ডউইচের সাথে বিনামূল্যে দেয়া পনিরের টুকরোও বন্ধ করে দিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ভারতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়েছে। বৃষ্টির ফলে ফসল এবং সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার কারণে জুলাই মাসে টমেটোর দাম প্রতি কেজি ২৫০ রুপিতে পৌঁছেছে৷

টমেটোর দাম একটু কমতে শুরু করলেও, এই মাসের শুরুতে ভারত সরবরাহ সংকট কাটাতে প্রতিবেশী নেপাল থেকে এটি আমদানি শুরু করে।

আরও পড়ুন: আটলান্টিকে ৬০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা, উদ্ধার ৩৮

রাজধানী দিল্লি এবং উত্তরের রাজস্থান ও উত্তরপ্রদেশে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ রুপিতে। 

বার্গার কিং বলেছে, তাদের ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ‘উচ্চ গুণমান’ বজায় রাখে এবং টমেটো শিগগিরই মেন্যুতে ফিরে আসবে। তখন পর্যন্ত ভোক্তাদের ধৈর্য ধরার অনুরোধ করেছে তারা। 


একাত্তর/এসজে