বিশ্বের পাঁচটি গুরুত্বপূর্ণ দেশের অর্থনৈতিক জোট ব্রিকসে তেহরানের সম্ভাব্য সদস্যপদ পাওয়ার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।
ক্রেমলিনের বরাতে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক ফোনালাপে দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানি সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা করেছেন।
ইরান যখন ব্রিকসের সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে ঠিক সে সময় পুতিনের সঙ্গে রাইসির এ ফোনালাপ অনুষ্ঠিত হলো।
এর আগে গেলো জুন মাসে রাইসি বলেছিলেন, 'ব্রিকস' এ যোগ দিতে প্রস্তুত ইরান। এ জন্য আমরা সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিয়েছি এবং ব্রিকসে যোগদানের জন্য আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি।
সংশ্লিষ্টদের মতে, বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্যবাদ মোকাবিলায় ব্রিকস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দক্ষিণ আফ্রিকা বলছে, ইরান, সৌদি আরব, আর্জেন্টিনা ও মিশরসহ বিশ্বের প্রায় ৪০টি দেশ ব্রিকসে যোগ দেয়ার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আবেদন জানিয়েছে। দেশগুলোকে সদস্যপদ দেয়ার পক্ষে মত দিয়েছে চীন-রাশিয়া।
আরও পড়ুন: অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইউক্রেনের
আগামী ২২ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিন দিনব্যাপী ব্রিকসের পরবর্তী বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৫তম এ শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন।
ব্রিক্স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। ২০১৪ সালে এসব দেশ মিলে এনডিবি ব্যাংক প্রতিষ্ঠা করে। ব্যাংকটির সদর দপ্তর চীনের শিল্পনগরী সাংহাইয়ে। বিশ্ব অর্থনীতির ৪০ ভাগ ব্রিকসভুক্ত পাঁচ দেশের আওতায় রয়েছে। এছাড়া, বিশ্বের মোট জিডিপি’র চার ভাগের একভাগ এই পাঁচ দেশ নিয়ন্ত্রণ করে।
একাত্তর/আরবিএস