লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে কমপক্ষে ৪৩ জন অভিবাসীর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি। এ ঘটনায় নৌকাটিতে থাকা ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের জারজিসে নিয়ে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় সময় গতকাল শনিবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, লিবিয়ার উত্তর–পশ্চিম উপকূলের জুয়ারা থেকে নৌকায় করে অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ট্যাপ শনিবার সন্ধ্যায় জানিয়েছে, তিউনিসিয়ার কোস্টগার্ড উপকূলে একটি বিধ্বস্ত নৌকা থেকে অন্য ৮৪ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশ, সুদান, মিসর, ইরিত্রিয়া ও চাদের নাগরিক রয়েছেন।
তিউনিসিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সজানায়, ৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৪৩ জন ভূমধ্যসাগরে ডুবে গেছেন।
কর্তৃপক্ষ বলছে, গত ২৮ ও ২৯ জুন তারা লিবিয়ার জুয়ারা উপকূল দিয়ে অবৈধভাবে ইতালি পৌঁছাতে ভূমধ্যসাগরে যাত্রা করেছিলেন। উদ্ধার ব্যক্তিদের জারজিসে নিয়ে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের ৩৫ হাজারের বেশি মানুষ ইতালি, গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় পৌঁছেছে। ইতালি যেতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপগামী অভিবাসীদের ৬০ শতাংশের বেশি লিবিয়া থেকে যাত্রা করেন।
একাত্তর/আরএ