মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৯, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

মেক্সিকোয় একটি গির্জার ছাদ ধসে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন অন্তত ৩০ জন। 

তামাউলিপাস রাজ্য সরকারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার মেক্সিকোর উত্তর-পূর্ব উপকূলীয় শহর সিউদাদ মাদেরোতে এ দুর্ঘটনা ঘটে।   

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার আগে সান্তা ক্রুজ গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা একটি ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। এসময় ছাদ ধসের ঘটনা ঘটে। এরইমধ্যে আহত ৪৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন বহু মানুষ। 

ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। ইমেজ- রয়টার্স।

বিশপ হোসে আরমান্দো আলভারেজ বলেন, ধর্মীয় অনুষ্ঠান চলাকালে গির্জাটির ছাদ ধসে পড়ায় আমাদের একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের বাঁচাতে কাজ করছে।

রেডক্রসের এক উদ্ধারকর্মী মিলেনিও টেলিভিশনকে বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ, দুর্ঘটনার সময় ওই গির্জায় প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।