ইসরাইলের ধ্বংস চায় হামাস: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, হামাসের একটাই এজেন্ডা, আর তা হলো ইসরাইলকে ধ্বংস এবং ইহুদিদের হত্যা করা।

বৃহস্পতিবার ইসরাইলের তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। খবর বার্তা সংস্থা রয়টার্স ও ব্লুমবার্গের। 

ইসরাইলকে প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে সংযম দেখানোর আহবান জানিয়েছে ব্লিঙ্কেন বলেন, ওয়াশিংটন সবসময় ইসরাইলের পক্ষে ছিলো। এ সংঘাত নিয়ন্ত্রণের লক্ষ্যে তিনি মধ্যপ্রাচ্য সফর করছেন।  

ব্লিঙ্কেন সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে বলেন, আপনি নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারেন। কিন্তু যতদিন যুক্তরাষ্ট্র থাকবে, আপনাকে কখনই এটি করতে হবে না। আমরা সবসময় আপনার পাশে থাকবো। 

এসময় একজন ইহুদি হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার ব্যক্তিগত জীবনের কোথা তুলে ধরেন। তিনি জানান, কীভাবে তার দাদা রাশিয়া থেকে পালিয়ে গিয়েছিলেন এবং তার সৎ বাবা নাৎসি কনসেনট্রেশন ক্যাম্প থেকে বেঁচে ফিরেছিলেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগত পর্যায়ে বুঝতে পারি যে, ইসরাইলি ইহুদিদের উদ্দেশ্যে হামাস এ গণহত্যা চালিয়েছে। 

তিনি আরও বলেন, আমরা একটি ভিন্ন মানদণ্ডের জন্য সন্ত্রাসীদের থেকে নিজেদের আলাদা করি। তাই বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সম্ভাব্য সব সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ।

ইসরাইলের জন্য সহায়তায় নিশ্চিত করতে ওয়াশিংটন কংগ্রেসের সাথে কাজ করতে বলেও জানান তিনি। 

এসময় ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 

নেতানিয়াহু বলেন, হামাস হলো আইএস। যেভাবে আইএসকে ধ্বংস করা হয়েছিল, হামাসকেও একইভাবে ধ্বংস করা হবে।

ইসরাইলের পক্ষে থেকে বলা হয়েছে, সমস্ত জিম্মি মুক্তি না হওয়া পর্যন্ত গাজা উপত্যকায় তাদের অবরোধের কোনো মানবিক বিরতি হবে না।