ইসরাইলের বিরুদ্ধে ‘আগাম’ পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

গাজায় ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে এবং কোনো রাজনৈতিক সমাধান সম্ভব না হলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে ‘আগাম’ হামলা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইরাক, লেবানন, সিরিয়া ও কাতার সফর শেষে তেহরানে ফিরে সোমবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন। খবর পার্সটুডে ও আল জাজিরার। 

তিনি বলেন, আঞ্চলিক সফরে আমি এসব দেশের সরকার ও প্রতিরোধ ফ্রন্টগুলোর সঙ্গে কথা বলে বুঝেছি, তারা রাজনৈতিক উপায়ে চলমান সংকটের সমাধান চান। কিন্তু তা যদি সম্ভব না হয় এবং গাজাবাসীর ওপর যদি ইসরাইলি পাশবিকতা অব্যাহত থাকে তাহলে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটে যাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, লেবাননের হিজবুল্লাহসহ সবগুলো প্রতিরোধ গ্রুপ সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে।

প্রতিরোধ নেতারা ইসরাইলকে গাজায় যা খুশি তাই করার অনুমতি দেবেন না উল্লেখ্য করে হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, তারা যেকোনো সময় আগাম হামলা চালিয়ে বসতে পারেন।

হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আজ যদি আমরা গাজা উপত্যকাকে রক্ষা না করি তাহলে আমাদেরকে একদিন নিজেদের শহরগুলো রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে।

আজ যদি হিজবুল্লাহ আগাম ব্যবস্থা না নেয় তাহলে আগামীকাল তাদের বৈরুতে ইসরাইলি সেনাদের মোকাবিলা করতে হবে বলেও সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি যোগ করে, জাতিসংঘ যদি ইসরাইলের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয় তাহলে তেল আবিবের বিরুদ্ধে নতুন নতুন ফ্রন্ট খুলে যাওয়াটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে। যা দখলদার ইসরাইলের ভৌগলিক মানচিত্রকে বদলে দেবে।

ওয়াশিংটন অনৈতিকভাবে ইসরাইলকে সমর্থান দিয়ে আসছে অভিযোগ করে তিনি বলেন, আমি আপনাদের (যুক্তরাষ্ট্র) সতর্ক করে দিচ্ছি যে, ভণ্ডামিপূর্ণ বার্তা পাঠানোর পরিবর্তে গাজার নারী ও শিশুদের রক্তপাত বন্ধ করার ব্যবস্থা নিন।  

এদিকে ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষ এবং গাজায় ইসরাইলি হামলা বন্ধে, রাশিয়ার মানবিক যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব সোমবার নাকচ করে দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 

জাতিসংঘে এ খসড়া প্রস্তাব নাকচের ফলে চলমান সংঘর্ষ বন্ধে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।