ইসরাইলি হামলায় গাজায় তিন হাজার শিশু নিহত

ইসরাইল ও হামাসের মধ্যে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা এরইমধ্যে সাত হাজার ছাড়িয়েছে, যার মধ্যে তিন হাজারই শিশু।   

বৃহস্পতিবার ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজায় অন্তত দুই হাজার ৯১৩ জন শিশু, এক হাজার ৭০৯ জন নারী এবং ৩৯৭ জন বৃদ্ধসহ সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ হাজারের বেশি মানুষ।  

এদিকে অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলি বিমান হামলা। গুড়িয়ে দেয়া হচ্ছে হাসপাতাল, স্কুল ও আশ্রয়স্থল।  

ইসরাইলের বিমান হামলা। ইমেজ- আল জাজিরা।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজায় ইসরাইলি বিমান হামলা বন্ধ না হলে এবং অবরোধ চলতে থাকলে হতাহতের সংখ্যা আরও বাড়বে। 

তবে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিহতের এসব পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেছেন, কত লোক নিহত হয়েছেন তা সম্পর্কে ফিলিস্তিনিরা সত্য কথা বলেছে বলে আমি মনে করি না। আমি নিশ্চিত নিরপরাধ মানুষেরা নিহত হয়েছেন এবং এটি যুদ্ধ শুরুর করার পরিণতি। তবে ফিলিস্তিনিরা যে সংখ্যার কথা বলছে, তাতে আমার আস্থা নেই।

এর আগে গেলো ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে হামলা চালালে জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। কিন্তু ইসরাইল আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করেই গাজায় বিমান হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘসহ রাশিয়া-চীনের মতো পরাশক্তিগুলো। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত দেশগুলো ইসরাইলের এই হামলাকে সমর্থন দিয়ে আসছে।