মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা চলবে না, আসামে আসছে নতুন আইন

মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা চলবে না, এমন আইন আনতে চলেছে ভারতের আসাম রাজ্য। কেবল নিঃসন্তান হলেই বৃদ্ধাশ্রমে থাকতে পারবেন কোনো ব্যক্তি। রাজ্যটিতে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত, বলছেন আসামের মুখ্যমন্ত্রী।   

বৃহস্পতিবার (৮ জুলাই) আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, রাজ্যে ক্রমেই বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা। এটি শুভ ইঙ্গিত নয়। ছেলেমেয়েরা যতো বাবা-মায়ের সঙ্গে থাকে, ততই সংস্কার শিখবে। বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সংস্কৃতি চালু হলে সমাজ ভেঙে যাবে।

তিনি আরও বলেন, যে সব বৃদ্ধ-বৃদ্ধা নিরাশ্রয়, যাদের সন্তান নেই- তারাই শুধু বৃদ্ধাশ্রমে থাকতে পারবেন। কিন্তু ছেলেমেয়ে বাইরে চাকরি করে আর মাসে টাকা পাঠিয়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেবে, তেমনটা অসমে চলতে দেওয়া যায় না। এ নিয়ে কড়া আইন আনা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, অসম সরকার ইতিমধ্যেই এ আইন করেছে, যে সব সরকারি কর্মী বাবা-মার দেখভাল করবেন না, তাদের বেতনের অংশ সরাসরি বৃদ্ধ বাবা-মার অ্যাকাউন্টে পাঠানো হবে।

আরও পড়ুন: অবশেষে আত্মসমর্পণ করলেন জ্যাকব জুমা

এদিকে বৃদ্ধাশ্রম নিয়ে রাজ্য মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, বয়স্কদের বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, বাবা-মায়ের সম্পত্তি দখল করা, বাবা-মাকে রাস্তায় বের করে দেওয়ার ঘটনা যেভাবে বাড়ছে, তাতে এ নিয়ে কড়া আইন তৈরি করা দরকার।

আসামের একটি পুরনো বৃদ্ধাশ্রমের কর্ণধার জানান, নিঃসন্তান হলেই কেবল বৃদ্ধাশ্রমে থাকতে পারবেন, এমন আইন সঙ্গত নয়। অনেক বৃদ্ধ-বৃদ্ধা স্বেচ্ছায়, স্বাধীন ভাবে বাঁচার জন্যেও সন্তানের সংসার ছেড়ে বৃদ্ধাশ্রমে থাকা পছন্দ করেন। অনেকের ছেলেমেয়ে বাইরে থাকেন। শহরে তাদের পক্ষে একা থাকা, শরীরের যত্ন নেওয়া, বাজার করে সংসার চালানো সম্ভব হয় না। আইন প্রণয়ন করে তাদের জোর করে বাড়িতে রাখা অন্যায় হবে।


একাত্তর/আরবিএস