ইউক্রেনের গোয়েন্দা প্রধানের স্ত্রীকে বিষ প্রয়োগের অভিযোগ

ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর  প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানভের স্ত্রী মারিয়ানা বুদানভকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার জিইউআরের মুখপাত্র আন্দ্রি ইউসভ এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

মুখপাত্র জানান, মারিয়ানার শরীরে ভারী কোনো ধাতু দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও এ বাহিনীর আরও কয়েকজনের শরীরে  বিষক্রিয়ার হালকা লক্ষণ দেখা গেছে।
 
মারিয়ানার শরীরে যে ভারী ধাতু দিয়ে বিষ প্রয়োগের কথা সন্দেহ করা হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, তার শরীরে যে পদার্থ প্রয়োগ করা হয়েছে, তা প্রাত্যহিক জীবনে বা সামরিক অভিযানেও ব্যবহৃত হয় না।