মোদি সরকারের ৪২ শতাংশ মন্ত্রীই ফৌজদারি অপরাধে অভিযুক্ত

নরেন্দ্র মোদি সরকারের ৭৮ জন মন্ত্রীর মধ্যে ৩৩ জনের বিরুদ্ধেই আছে ফৌজদারি মামলা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস শনিবার (১০ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, মোদি সরকারের ৭৮ জন মন্ত্রীর মধ্যে ৩৩ জন অর্থাৎ ৪২ শতাংশ মন্ত্রীই একাধিক ফৌজদারি অপরাধে অভিযুক্ত।

এদিকে বুধবার (৭ জুলাই) দেশটির মন্ত্রিসভায় নতুন ১৫ জন পূর্ণমন্ত্রী ও ২৮ জন রাষ্ট্রমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। তাদের মধ্যে ২৪ জনের (‌৩১ শতাংশ)‌ বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, ডাকাতিসহ গুরুতর ফৌজদারি মামলা আছে।

এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা সংক্রান্ত একটি মামলা ঝুলে আছে। ৩৫ বছরের নিশীথ মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী।

আরও পড়ুন: ভারতে করোনায় মৃত্যু আবারো হাজার ছাড়ালো

নিশীথ প্রামাণিককে নিয়ে মোট চারজন মন্ত্রীর বিরুদ্ধে আইপিসি ৩০৭ ধারায় হত্যার চেষ্টারও মামলা রয়েছে। নিশীথ ছাড়া বাকিরা হলেন জন বারলা, পঙ্কজ চৌধুরী ও ভি মুরলীধরণ।

অন্যদিকে, নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে ৭০ জন অর্থাৎ ৯০ শতাংশ মন্ত্রী কোটিপতি। এই মন্ত্রীদের গড় সম্পদ ১৬ দশমিক ২৪ কোটি টাকা। তাদের মধ্যে চারজন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, পীযূষ গোয়েল, নারায়ণ তাতুরেন ও রাজীব চন্দ্রশেখর ৫০ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে।


একাত্তর/আরবিএস