ইসরাইলি হামলায় একশ'র বেশি সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত একশ' জন সাংবাদিক নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।   

রোববার গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

টেলিগ্রামে চ্যানেলে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, সবশেষ গাজার শুজাইয়া এলাকায় ইসরাইলি বিমান হামলায় সাংবাদিক মোহাম্মদ আবু হায়েদির নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় একশ' জনেরও বেশি নারী-পুরুষ সাংবাদিক নিহত হলেন। 

এছাড়া ৭৫ দিনেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় বহু সাংবাদিক আহত ও নিখোঁজ হয়েছেন।   

ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই সংখ্যা আরও বেশি হতে পারে।

এর আগে নিউইয়র্কভিত্তিক অলাভজনক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজ) জানিয়েছিল, হামাস-ইসরাইল সংঘাত শুরু হওয়ার প্রথম দিন, অর্থাৎ অক্টোবর মাসের ৭ তারিখ থেকে ডিসেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত গাজায় ৬৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬ জন ফিলিস্তিনি, চারজন ইসরাইলি এবং তিনজন লেবানিজ। 

এছাড়াও এ সংঘাতে ১১ জন সাংবাদিক আহত হয়েছেন। তিনজন নিখোঁজ এবং ১৯ জনকে আটক করেছে ইসরাইল। 

সংস্থাটি বলছে, বেশ কয়েকজন সাংবাদিক নিহত বা গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু এসব তথ্য এখনও নিশ্চিত করা যায়নি।  

এদিকে গাজায় কর্মরত সাংবাদিকদের ওপর একাধিক হামলা, হুমকি, সাইবার আক্রমণ, নিষেধাজ্ঞা এবং অনেকের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে।