লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার কারণে ওই রুটে যাচ্ছে না কোন ধরনের বাণিজ্যিক জাহাজ। এর প্রভাবে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েঝে জার্মানির রাজধানী বার্লিনের কাছে অবস্থিত টেসলা’র গাড়ি তৈরির কারখানা। এই প্রতিষ্ঠানটির মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
টেসলা এক বিবৃতিতে জানিয়েছে, যন্ত্রাংশ কম থাকায় জার্মানির কারখানায় গাড়ি উৎপাদনের কাজ আগামী ২৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। কোম্পানিটি আরও জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তাদের এই সংকটের মুখে পড়তে হয়েছে।
টেসলা বলেছে, লোহিত সাগরে এই অবস্থার পরিপ্রেক্ষিতে জাহাজগুলো এখন কেপ অব গুড হোপ দিয়ে যাচ্ছে। তার জেরে টেসলার কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এদিকে লোহিত সাগরে হুতি গোষ্ঠীর আক্রমণ শুরুর পর টেসলাই প্রথম কোম্পানি যারা কারখানা বন্ধ রাখার কথা ঘোষণা করলো।
ইলেক্ট্রনিক গাড়ি উৎপাদনকারি এই প্রতিষ্ঠানটি বলেছে, লোহিত সাগরে অবস্থার পরিপ্রেক্ষিতে জাহাজগুলো এখন কেপ অব গুড হোপ দিয়ে যাচ্ছে। তার জেরে টেসলার কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। হুতিদের হামলার প্রভাব অনেক বিশ্বের অনেক কারখানার ওপরেই পড়ছে।
বিশ্বের বড় শিপিং কোম্পানিগুলো এখন সুয়েজ খাল ব্যবহার করছে না। এই রাস্তা দিয়ে বিশ্বের ১২ শতাংশ জাহাজ চলাচল করে। প্রায় সব বড় শিপিং কম্পানি কেপ অব গুড হোপ দিয়ে তাদের জাহাজ পাঠাচ্ছে। এর ফলে শুধু যে ১০ দিন বেশি সময় লাগছে তা-ই নয়, এতে খরচও হচ্ছে অনেক বেশি।
চীনের অন্যতম বড় গাড়ির কারখানা এবং সুইডেনের হোম ফার্নিশিং কারখানা গ্রাহকদের জানিয়েছে, তাদের কাছে জিনিস পৌঁছতে দেরি হবে। এরিমধ্যে বহু দেশে আমদানি খরচ বেড়েঝে বহু গুণে। তবে সবচেয়ে বেশি বিপদে আছে ইসরাইল, দেশটিতে খাদ্য ভান্ডারে টান পড়েছে বলে স্বীকার করেছে দেশটি।
লোহিত ও আরব সাগর অঞ্চলে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা একের পর এক পণ্যবাহী জাহাজে আক্রমণ করেছে। গাজাতে ইসরাইলের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই কাজ করবে বলে হুমকি দিয়েছে। তবে তাদের হামলার জবাবে ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।