রামমন্দির উদ্বোধনের দিনে স্কুল ছুটি, মদপানে ‘না’

ভারতের অযোধ্যায় কোটি কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা হয়েছে রামমন্দির। এই মন্দিরটি এখন উদ্বোধনের অপেক্ষায়। আসছে ২২ জানুয়ারি ঘটা করে এই রামমন্দিরের উদ্বোধন করা হবে। আর সেই আয়োজন স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। শুরু হয়ে গেছে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার আচারবিধি পালনও।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিশু রামের (রামলালা) মুর্তি নিজের হাতে বহন করে এনে অয্যোধ্যার নতুন রামমন্দিরে প্রতিষ্ঠা করবেন। তার আগে থেকেই অযোধ্যাসহ ভারতজুড়ে সাজ সাজ রব। মন্দির উদ্বোধনের দিনে ছুটি ঘোষণা করেছে দেশটির উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্য। 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ২২ জানুয়ারি রাজ্যের সব স্কুল ছুটি থাকবে। এমনকি সব মদের দোকানেও বন্ধ থাকবে। একই আদেশ মধ্যপ্রদেশও। সেখানেও ২২ জানুয়ারি সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। রামমন্দির উদ্বোধনের দিন সারা রাজ্যে উৎসব পালনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রদেশ।

একইভাবে গোয়া, ছত্তিসগড়, হরিয়ানা রাজ্যে রামমন্দির উদ্বোধনের দিন সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে। দিনটিতে প্রকাশ্যে মধ্যপানও নিষিদ্ধ করা হয়েছে। গোয়ার সরকার জানিয়েছে, রামমন্দির উদ্বোধনের দিন সরকারি সব দপ্তরেও তালা ঝুলবে।

এদিকে, মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার আচারবিধি পালনের অংশ হিসাবে মঙ্গলবার ছিল প্রায়শ্চিত্ত এবং কর্ম-কোটি পূজো। বুধবার রামলালার মূর্তি শোভাযাত্রা করে সূর্য নদীর তীরে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিষেকের পরে আবারও মূর্তিটি ফিরিয়ে আনা হয় রামমন্দিরে।

ভিড় থেকে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, সে কথা মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষ আগেই জানিয়ে রেখেছে ২২ জানুয়ারির অনুষ্ঠান শেষ পর্যন্ত নাও হতে পারে। আবার সংক্ষিপ্ত আকারের সম্ভাবনাও রয়েছে। তবে যাই হোক না কেন, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে ভারতজুড়ে বইবে উৎসবের আমেজ।