এশিয়া, আফ্রিকা এবং ইউরোপসহ বিশ্বের ২৮টি দেশে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের কয়েক হাজার এজেন্টকে শনাক্ত করেছে ইরান।
দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে।
মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গুপ্তচর সংস্থাগুলোর বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে এটি ছিলো সর্ববৃহৎ কম্বাইন্ড ইন্টেলিজেন্স এবং কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন।
বিবৃতিতে বলা হয়েছে, সিরিজ আকারে গোয়েন্দা-পাল্টা গোয়েন্দা, আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ইসরাইলি গুপ্তচর শনাক্ত করার এ অভিযান পরিচালিত হয়েছে। যার মাধ্যমে 'অনন্য' এবং 'অভূতপূর্ব' তথ্য জানা সম্ভব হয়েছে।
ইরানের এই গোয়েন্দা অভিযানের মাধ্যমে অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার তথ্য যেমন হাতে এসেছে, তেমনি হাতে এসেছে অস্ত্র তৈরির কারখানা ও দখলদার ইসরাইলের কৌশলগত বেসামরিক শিল্প কারখানার তথ্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মোসাদের যে হাজার হাজার গুপ্তচরকে শনাক্ত করা হয়েছে তারা প্রধানত এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশে তৎপর। তবে কোন কোন দেশে ইসরাইলি গোয়েন্দাদের শনাক্ত করা হয়েছে বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।
রাজধানী তেহরানসহ বিভিন্ন প্রদেশে এ ধরনের গুপ্তচরদের তৎপরতা রয়েছে জানিয়ে মন্ত্রণালয় বলছে, এসব গুপ্তচরের মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং কেউ কেউ নিরাপত্তা নজরদারিতে রয়েছে।
এদিকে বিদেশে অবস্থানরত কিছু ইরানি নাগরিকও মোসাদের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানিয়েছে তেহরান।
এসব মোসাদ এজেন্টদের বিরুদ্ধে ইরানের পদক্ষেপ কী হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশটি।