যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের নেপলেস শহরে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ইঞ্জিনের ত্রুটির কারণে উড়োজাহাজটি একটি হাইওয়েতে বিধ্বস্ত হয়।
ফেডারেল বিমান চলাচল সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার সময় বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার সিক্স হান্ড্রেড উড়োজাহাজটিতে ছয়জন আরোহী ছিলেন। এটি নেপলেস নামের একটি ছোট শহরের কাছে ইন্টারস্টেট সেভেন্টিফাইভ-এ বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনার আগে পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে জানান যে, তিনি দুটি ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন এবং উড়োজাহাজটিকে জরুরি অবতরণের অনুরোধ করেন। এসময় তিনি জরুরি অবতরণের চেষ্টা করলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ।