নানা নাটকীয়তা আর বিতর্কের পর শেষ পর্যন্ত ইউক্রেন, ইসরাইল ও তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন মার্কিন ডলারের সহযোগিতা বিল অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার মার্কিন সিনেটে বিলটির পক্ষে ভোট পড়েছে ৭০টি, আর বিপক্ষে ২৯টি।
এদিন বিলটি পাসের জন্য সিনেটে ৬০ ভোটের প্রয়োজন ছিলো। তবে ২২ জন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সাথে যোগ দেয়ায় বিলের পক্ষে মোট ৭০টি ভোট পড়ে। এবার বিলটি প্রতিনিধি পরিষদে পাঠানো হবে।
রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটির ভাগ্য নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সিনেটে এটি অনুমোদন পেলো।
এই ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলার, ফিলিস্তিনের গাজাবাসীর বিরুদ্ধে বর্বর যুদ্ধ চালানোর জন্য ইসরায়েলকে ১৪ বিলিয়ন ডলার এবং গাজাসহ অন্যান্য যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক সহায়তার জন্য ১০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বলেছেন, কয়েক দশকের মধ্যে সিনেটে এমন একটি বিল পাস হয়েছে যা শুধু যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা মিত্রদের নিরাপত্তা নয়, পুরো পশ্চিমা গণতন্ত্রের নিরাপত্তায় প্রভাব রাখবে।