আবুধাবিতে মন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

আবুধাবিতে ২৭ একর জায়গার উপর নির্মিত একটি মন্দির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরটির নাম বিএপিএস হিন্দু মন্দির। বিবিসির খবর।

একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একটি মন্দির উদ্বোধন করবেন। ২০১৮ সালে মোদী যখন ইউএই সফরে গিয়েছিলেন সে সময় ভারত আবুধাবিতে ওই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দেয়।  

বিশ্লেষকরা বলছেন, দুই মাসের মধ্যে ভারতে হতে যাওয়া সাধারণ নির্বাচনের আগে মোদির এই মন্দিরের উদ্বোধন বিজেপি সরকারের হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা।

ভারত এবং ইউএই ঘনিষ্ঠ বন্ধু এবং দুই দেশের মধ্যে ৮৫ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি রয়েছে। আর ইউএই সবচেয়ে বেশি পণ্য আমদানি করে ভারত থেকে। প্রায় এক লাখ ভারতীয় হিন্দু আবুধাবিতে বসবাস করে।

আবুধাবির মন্দিরটি বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা দ্বারা পরিচালিত হয়। সংস্থাটি নিজেকে ‘আধ্যাত্মিক, স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত সংঘ’ বলে দাবি করে। এটির লক্ষ্য হল ‘বিশ্বাস, সেবা এবং বৈশ্বিক সম্প্রীতির হিন্দু মূল্যবোধকে লালন করা।’ সংস্থাটির সদর দপ্তর নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে।